সবচেয়ে ব্যয়বহুল দল স্পেন

স্পেন, আর্জেন্টিনা ও ব্রাজিলই হলো এ বছরের জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপের ৩২টি দলের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল। ব্রাজিলের অর্থনৈতিক দৈনিক ভ্যালর এ তথ্য জানায়। বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের সামগ্রিক মূল্য হলো প্রায় ৪৮ কোটি ৬৯ লাখ ইউরো (৬৭ কোটি ৪০ লাখ ডলার)। ক্রীড়া বিশ্লেষক প্রতিষ্ঠান প¬ুরি কানসালটোরিয়ার বরাত দিয়ে পত্রিকাটি জানায় তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্বাগতিক ব্রাজিল। এর মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের মূল্য যথাক্রমে ৪৭ কোটি ৪১ লাখ ইউরো এবং ৪৭ কোটি দুই লাখ ইউরো। প্রতিষ্ঠানটির পরিসংখ্যান অনুযায়ী জার্মানরা তাদের দলটির মূল্য হলো ৪৪ কোটি ৫৬ লাখ ইউরো। আর ইংল্যান্ড ও ফ্রান্স দল হলো যথাক্রমে ৩৯ কোটি ৮৬ লাখ ও ৩৫ কোটি ৪২ লাখ ইউরো মূল্যমানের। ৩৩ কোটি ৬১ লাখ ইউরো নিয়ে এদের পেছনেই আছে বেলজিয়াম। আজ্জুরি নামে খ্যাত ইটালির দলটি মূল্য বিচারে বেলজিয়দেরও পেছনে (৩২ কোটি ২৪ লাখ ইউরো)। আর্জেন্টিনা এবং বার্সেলোনা তারকা লিওনেল মেসি এই বিশ্লেষণ অনুযায়ী বিশ্বকাপের সবচেয়ে দামী ফুটবলার। তার মূল্য ধরা হয়েছে ১৩ কোটি ৮১ লাখ ইউরো। যদিও গত বছরের তুলনায় তার অনুমিত মূল্য ১.৪ শতাংশ কমে গেছে। ফিফা বর্ষসেরা ফুটবলারের খেতাব জয়ের সুবাদে পর্তুগীজ ও রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর মূল্য ১১.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তারপরও মেসির চাইতে তিন কোটি ইউরো কম পেয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি । তার অনুমিত মূল্য ধরা হয়েছে ১০ কোটি ৭৩ লাখ ইউরো। যেখানে পুরো পর্তুগালের দলগত মূল্য ধরা হয়েছে ২৮ কোটি ৭০ লাখ ইউরো। এসব মূল্যমান ঠিক করা হয়েছে ৭৭টি শর্ত মেনে। এর মধ্যে আছে টেকনিক্যাল সামর্থ্য, ফিটনেস ও বাজারমূল্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়াদিও। আগামী ৭ মে বিশ্বকাপের ৩২টি দলের চূড়ান্ত তালিকা প্রকাশের পর খেলোয়াড় ও দলগুলোর পরিপূর্ণ ব্যয়ভার প্রকাশ করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি।-বাসস