জুনে আসছে ভারত
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৪, ২২:২৮
দুবাইয়ে দু’দিনব্যাপী আইসিসি’র সভায় চূড়ান্ত হয়েছে বাংলাদেশের আগামী ছয় বছরের ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি)। গত সোমবার দেশে ফিরে বিমান বন্দরে এমনটাই জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
আগেই নিশ্চিত হয়েছিল ভারতের বাংলাদেশ সফর। আইসিসি’র সভা থেকে ফিরে সেটা নিশ্চিত করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক নিজামুদ্দিন সুজন। তার সাথে সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও কিছু সুখবরই শোনালেন, ‘আগামী ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের এফটিপি চূড়ান্ত হয়েছে। ভারত একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২০১৬ সালে ঢাকায় আসবে। এরপর পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বাংলাদেশ সফরে আসবে এবং বাংলাদেশও পর্যায়ক্রমে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর করবে’
সূচি অনুযায়ী আগামী জুন মাসে বাংলাদেশে আসছে ভারতীয় জাতীয় ক্রিকেট দল। দুবাইয়ে দুই বোর্ডের শীর্ষ পর্যায়ে এ নিয়ে জোর আলোচনা হয়েছে। সিরিজে বাংলাদেশের মাটিতে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। কিন্তু, সময়সূচি এখনও নিশ্চিত করে জানা যায়নি। সবকিছু ঠিকঠাক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে এই সিরিজ। ২০১০ সালে অনুষ্ঠিত হয়েছিল দু’দেশের মধ্যে সর্বশেষ সিরিজ।
আগামীকাল অনুষ্ঠিত হবে বিসিবি’র জরুরি বৈঠক। এখানে এফটিপি নিয়ে আলোচনার পাশাপাশি উঠে আসবে ক’দিন আগে শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট দলের ব্যর্থতার প্রসঙ্গটিও। বিশ্বকাপ চলার সময়েই দলে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছিলেন নাজমুল হাসান পাপন। সোমবার এব্যাপারে পুনরায় তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি তো মাত্র এলাম। পরশু বিসিবি’র মিটিং আছে। তাতেই সব সিদ্ধান্ত নেয়া হবে। আপনারা সবই জানতে পারবেন।’
এদিকে, আগামী আট বছরে ছয়টি ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের ইঙ্গিত আইসিসি’র আসন্ন ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি)। আইসিসি’র সংশোধিত প্রস্তাবে রাজি হওয়ায় এই পুরস্কার পেতে পারে পাকিস্তান। ভারতীয় ক্রিকেট বোর্ডের সবুজ সঙ্কেত পেলেই ট্যুর প্লান করবে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০০৮ সালে সর্বশেষ সিরিজে খেলেছিল ভারত ও পাকিস্তান। এই ছয় বছরে কেবল ২০১২ সালে ভারতের মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান।