পাকিস্তানীদের ফেরাতে আকরামের আহ্বান

ওয়াসিম আকরাম মনে করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ পাকিস্তানের ক্রিকেটারদের ফিরিয়ে নিয়ে আসার এটাই সঠিক সময়। তার মতে টুর্নামেন্টটি এখন আর শুধু উপমহাদেশ ভিত্তিক নয়। বরং পুরো বিশ্বের ক্রিকেট ভক্তরাই এর সাথে জড়িয়ে গেছে। সেজন্য আইপিএল কর্তৃপক্ষের পাকিস্তানী খেলোয়াড়দের বিষয়টি পুনরায় বিবেচনা করার সময় এসেছে। পাকিস্তানী খেলোয়াড়দের উপর আইপিএলে নিষেধাজ্ঞা আরোপ করা হয় ২০০৮ সালের মুম্বাইয়ে সন্ত্রাসী ঘটনার পর থেকেই। পাকিস্তানী ক্রিকেটাররা শুধুমাত্র প্রথমবার আয়োজিত আইপিএল আসরেই খেলার সুযোগ পেয়েছিলেন। এরপর বিভিন্ন কারণে তাদের খেলার উপর বাধা আরোপিত হয়। এর মধ্যে অন্যতম প্রধান কারণ ছিল দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা। সাবেক পাকিস্তান অধিনায়ক আকরাম বলেন, ‘যখনই পাকিস্তান ও ভারত একে অপরের কিংবা একসাথে অন্য কোন টুর্নামেন্টে মাঠে নামে সেসময় ম্যাচগুলো দারুণভাবে দর্শক সমর্থিত হয়। বিশেষ করে এই উপমহাদেশে হলে তো কথাই নেই। অদূর ভবিষ্যতে পাকিস্তানী খেলোয়াড়দের আইপিএল-এর মত আকর্ষণীয় টুর্নামেন্টে খেলার সুযোগ করে দেয়া উচিত। কারণ এই দেশে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন।’ কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ আকরাম মনে করেন বিশ্বের যেকোন শীর্ষস্থানীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টেই পাকিস্তানী খেলোয়াড়রা বাড়তি উদ্দীপনা যোগ করতে পারে। আজ বুধবার থেকে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল-এর এবারের আসরের প্রথম লেগের ম্যাচগুলো শুরু হচ্ছে। এই ম্যাচগুলোর প্রসঙ্গ টেনে এনে আকরাম বলেন, একটু চিন্তা করলেই দেখা যাবে এই কন্ডিশনে সাইদ আজমল বল করছে এবং সেটা কিভাবে দর্শকদের আকর্ষণ করছে। এখানে উমর আকমল, উমর গুল, শহীদ আফ্রিদি প্রত্যেকেই নিজেদের প্রমাণ করেছে। এটা তাদের নিজেদের মাঠ। কিন্তু এখন দুই দেশের ক্রিকেট বোর্ড কর্তাদের এই ব্যাপারে সিদ্ধান্ত নেবার সময় এসেছে। ক্রীড়ার সাথে রাজনীতি কখনই মিলিয়ে ফেলা উচিত নয়।’ আকরাম আরো মনে করেন সংযুক্ত আরব আমিরাতের সুযোগ-সুবিধা আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটের জন্য খুবই উপযোগী। তিনি আরো বলেছেন আমিরাতের উইকেট তার পরিচিত এবং এই অভিজ্ঞতা অবশ্যই কেকেআর এর জন্য কাজে লাগবে। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটেই জন্য এই ধরনের উইকেট খুবই উপযুক্ত। বাসস