বাস্কেটবলে ভুটান শ্রীলংকাকে হারিয়েছে বাংলাদেশ

ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে খেলা হলে আশেপাশের বাইরের লোকজন খেলার শব্দ পান। উল্লাসের চিত্কার শোনেন সবাই। কিন্তু গতকাল আন্তর্জাতিক টুর্নামেন্টের উদ্বোধনী দিনে চললো সঙ্গীত। খেলা চলাকালীন ক্রিকেটের টি-টোয়েন্টির মতো দক্ষিণ এশিয়ান বাস্কেটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে খেলা আর আনন্দের জন্য সঙ্গীত চললো একই সাথে। উদ্বোধনী দিনে আনন্দের রেশটা থেকে গেলো বাংলাদেশের জয়ে। বাংলাদেশ ২২-৯ পয়েন্টে ভুটানকে হারিয়েছে। লিগ ভিত্তিক এই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশসহ চার দল। নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপ আছে বাংলাদেশের সাথে। দুই দিনের টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হবে আজ। আন্তুর্জাতিক বাস্কেটবলের থ্রী অন থ্রী নিয়মে আগেও বিদেশের কোটে খেলেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। আর নিজেদের কোটে খেললেও সেটা ছিল টুর্নামেন্টে। এবার প্রথম নিজেদের কোটে আয়োজিত থ্রী অন থ্রী নিয়মে আন্তর্জাতিক টুর্নামেন্টে পা রাখলেন বাংলাদেশের খেলোয়াড়রা। তাতে প্রথম ম্যাচটা জয় দিয়েই শুরু হলো। কাল একই দিনে নিজেদের দ্বিতীয় খেলায় বাংলাদেশ ২০-৯ পয়েন্ট হারিয়েছে শ্রীলংকাকে। বাংলাদেশ দলের অধিনায়ক রাশেদুজ্জামান, মিঠুন বিশ্বাস, সোয়েব, আকাশরা বেশ খুশি নিজেদের কোটে নতুন নিয়মে খেলার সুযোগ পেয়ে। অধিনায়ক রাশেদুজ্জামান কাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এটা তাদের কাছে এক ধরনের আনন্দের খেলা। রাশেদুজ্জামান বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে ফানি গেম। খেলাটা দেখতে যেমনি মজা তেমনি খেলতেও আনন্দ পাওয়া যায়।’ দক্ষিণ এশিয়ার দলগুলোকে নিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার আশা করছেন বাংলাদেশ অধিনায়ক রাশেদুজ্জামান। থ্রী অন থ্রী বাস্কেটবল খেলটা হচ্ছে তিনজনের খেলা। ১০ মিনিটের খেলায় দুইবার ৩০ সেকেন্ডের টাইম আউট থাকবে। ১০ মিনিটের মধ্যে যাদের ২১ পয়েন্ট হবে তারাই জিতবে। ১০ মিনিট পর পয়েন্ট সমান সমান থাকলে পরবর্তী সময়ের খেলায় যারা ২ পয়েন্ট পাবে তারাই ম্যাচ জিতবে। ২০১২ সালে এশিয়ান বীচ গেমস বাস্কেটবলের থ্রী অন থ্রী খেলায় ১৫ দলের মধ্যে চতুর্থ হয়েছিল বাংলাদেশ। সেবার চীন ভিয়েতনামকে হারিয়েছিল বাংলাদেশ। আর আফগানিস্তান ও থাইল্যান্ডের কাছে ৪ পয়েন্ট ব্যবধান কম হওয়ায় তৃতীয় স্থন নির্ধারিত ম্যাচ খেলতে হয় মঙ্গোলিয়ার বিরুদ্ধে। এই ম্যাচে হেরে বাংলাদেশ চতুর্থ স্থান পেয়েছিল।