রিয়াদের জরিমানা
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৪, ২২:২৯
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনার বিপক্ষে ম্যাচে আচরণ বিধি ভঙ্গের দায়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ঢাকা মেট্রোর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচ চলাকালে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার কারণে একই সাথে তার ম্যাচ ফির পুরোটা কেটে নেয়া হয়েছে।
ষষ্ঠ রাউন্ডের ম্যাচের তৃতীয় দিনে গত সোমবার ঢাকা মেট্রোর দ্বিতীয় ইনিংসে এই ব্যাটসম্যান আব্দুর রাজ্জাকের বলে উইকেটরক্ষক এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ দেয়ার পর ড্রেসিংরুমে ফেরার পথে বাউন্ডারি লাইনে হেলমেট ও ব্যাটিং গ্লাফস ছুঁড়ে ফেলেন। এছাড়া দর্শক, খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে খারাপ ব্যবহার করেন রিয়াদ। এই ঘটনার পর মাঠে থাকা দুই আম্পায়ার মাসুদুর রহমান ও মাহফুজুর রহমান তার বিরুদ্ধে অভিযোগ আনেন। গতকাল ম্যাচ রেফারি আখতার আহমেদের সামনে হাজির হন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। দোষ স্বীকার করে নেয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি।