এক বছর আগেই অধিনায়কত্বের স্বপ্ন দেখছিলেন মালিঙ্গা

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপটা শুরু হয়েছিল দিনেশ চান্দিমালকে অধিনায়ক করে। টুর্নামেন্টের মাঝপথে ফর্মহীনতায় দল থেকে বাদ পড়েন চান্দিমাল। ফলে অনেকটা হঠাত্ করেই সেমিফাইনালে অধিনায়কত্বের দায়িত্ব চলে আসে লাসিথ মালিঙ্গার হাতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেখানে জয়ের পর ফাইনালে অপ্রতিরোধ্য ভারতকেও হারায় মালিঙ্গার নেতৃত্বাধীন দলটি। দেশকে দ্বিতীয় বিশ্বকাপ এনে দেয়ার উপলক্ষটা হঠাত্ করে আসলেও লঙ্কান দলকে নেতৃত্ব দেয়ার ক্ষমতা এক বছর আগে থেকেই লালন করছিলেন বলে জানিয়েছেন মালিঙ্গা। শুধু তাই নয়, অ্যাঞ্জেলো ম্যাথুজের সহকারি হওয়া সত্ত্বেও ২০১৩ সালে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব না পেয়ে বেশ হতাশ হয়েছিলেন বলে জানিয়েছেন এই পেসার। ২০১৩ সালে মাহেলা জয়াবর্ধনের কাছ থেকে ম্যাথুজ টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্ব লাভ করেন। সনাথ জয়সুরিয়ার নেতৃত্বাধীন জাতীয় দল নির্বাচন কমিটি সে সময় মালিঙ্গাকে সহ-অধিনায়ক রাখলেও টি-২০ দলের নেতৃত্ব তুলে দেয় দিনেশ চান্দিমালের হাতে। দীর্ঘ ১৮ বছর পর প্রথমবারের মত দেশকে বিশ্বকাপ শিরোপা পাইয়ে দেয়া শ্রীলঙ্কা দলের অস্থায়ী অধিনায়ক মালিঙ্গা গতকাল টেলিভিশনে সরাসরি প্রচারিত একটি অনুষ্ঠানে বলেন, ‘২০১২ সাল থেকে প্রায় এক বছর যাবত্ আমি ম্যাথুজের সহকারী হিসাবে দায়িত্ব পালন করে আসছিলাম। সুতরাং ম্যাথুজকে টি-২০ দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ায় অভিজ্ঞতার কারণে সেটা আমার ওপড় বর্তাবে বলে আশা করেছিলাম। তাছাড়া অধিকাংশ লোকই আমাকে অধিনায়ক করার বিষয়ে আলোচনা করছিল। কিন্তু সেটা হয়নি।’ তিনি বলেন, ‘কেন আমাকে টি-২০ অধিনায়ক করা হলো না আমি বুঝতে পারলাম না; হতে পারে আমি খুব খুব ভাল ফর্মে ছিলাম না, হতে পারে তার আমার পারফরম্যান্সে খুশী ছিল না। আমি বেশ হতাশ হয়েছিলাম। কিন্তু তারপর মনে হলো অধিনায়কত্বটা হয়তো আমার জন্য নয়।’ এ মাসে বাংলাদেশে শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে দলের নিয়মিত অধিনায়ক দিনেশ চান্দিমাল ফর্মে না থাকায় এবং এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় মালিঙ্গাকে নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়কত্ব করতে বলা হয়। এরপর টানা দুই ম্যাচ জিতিয়ে লঙ্কান ক্রিকেট ইতিহাসেরই অংশ হয়ে যান ফাইনালে দুর্দান্ত বোলিং করা এই ডানহাতি। দলের এই জয়ে সবার সহযোগিতার কথা স্মরণ করে মালিঙ্গা বলেন ‘কোন কিছু অর্জনে যদি আপনার নির্দিষ্ট কোন লক্ষ্য থাকে, তবে কেউ তা আটকাতে পারে না এবং এ দলটির নেতৃত্ব দিতে পেরে সত্যিই আমি অত্যন্ত গর্বিত। লঙ্কানদের পরবর্তী টি-২০ সূচিতে রয়েছে আগামী মে মাসে ইংল্যান্ড সফর। বাসস।