ফেলপসের প্রত্যাবর্তন

সর্বকালের সবচেয়ে সফল অলিম্পিয়ান মাইকেল ফেলপস আবারো প্রতিযোগিতামূলক সাঁতারে ফিরছেন। আগামী সপ্তাহে অ্যারিজোনায় ইউ এস গ্র্যান্ড প্রিক্স সিরিজে অংশ নিচ্ছেন তিনি। তবে ২০১৬ সালে রিও অলিম্পিকে অংশ নেবেন কিনা সে বিষয়ে এখনও কোন মন্তব্য করেননি অলিম্পিকে রেকর্ড ১৮ টি স্বর্ণজয়ী এই আমেরিকান। লন্ডন অলিম্পিকে সেই ১৮ স্বর্ণের সর্বশেষ তিনটি জিতে সাঁতারকে বিদায় জানানো ফেলপসের প্রত্যাবর্তনের ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল আগেই। গত বছরের শেষ দিকে মাদক বিরোধী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় অংশ নেন তিনি। অলিম্পিকের আমেরিকান বাছাইয়ে অংশ নিতে যেগুলো অপরিহার্য। পাশাপাশি দীর্ঘদিনের কোচ বব বোম্যানের অধীনে অনুশীলনও করছেন তিনি। যদি অ্যারিজোনায় এই প্রতিযোগিতায় ফেলপস সত্যিই ফেরেন, তাহলে আগামী জুনে ২৯ এ পা দিতে যাওয়া এই তারকার জন্য সেটা হবে ২০১২ সালের লন্ডন অলিম্পিকের পর প্রথম কোন প্রতিযোগিতা। আমেরিকার অন্যতম সেরা দুই সাঁতারু রায়ান লোকটে ও কেটি লেডিকিও অংশ নিচ্ছেন ২৪ থেকে ২৬ জুন পর্যন্ত হতে যাওয়া এই প্রতিযোগিতায়।