তেজগাঁওয়ে দগ্ধ আরো একজনের মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ের একটি রাসায়নিক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় জহুরুল ইসলাম (৬০) নামে আহত আরো একজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এই ঘটনায় পাঁচজনের মৃত্যু হলো। নিহত ওই ব্যক্তির ভাই মোহাম্মদ ফরিদ বলেন, তাদের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায়। পূর্ব তেজতুরি বাজার এলাকায় একটি ভাড়া বাসায় জহুরুল পরিবার নিয়ে বসবাস করতেন। অগ্নিকাণ্ডে জহুরুলের শরীরের ৩৪ ভাগ পুড়ে গিয়েছিল। প্রসঙ্গত, গত ১০ এপ্রিল তেজগাঁওয়ের মহিলা কলেজের গলির একটি রাসায়নিক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন দগ্ধ হন। এরপর বিভিন্ন সময়ে চিকিত্সাধীন অবস্থায় ইব্রাহিম খলিল (৬৫), মোতালেব হোসেন (১৪), সফিউল আযম (৪৫) ও আব্দুল লতিফ (৬০) মারা যান।