পরিবেশ দূষণ, ছয় প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৪, ২১:৩২
দূষণ বিরোধী অভিযানের কার্যক্রম হিসাবে মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো:আলমগীর, ছয়টি প্রতিষ্ঠানের মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকায় তলব করে শুনানি শেষে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য ১৫ লাখ টাকা জরিমানা করেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ৩টি ডাইং কারখানা ও ৩টি ইটভাটা।
ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে ডাইং কারখানা পরিচালনা করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করার অপরাধে গাজীপুর জেলার টঙ্গী শিল্প এলাকায় অবস্থিত নর্দান কর্পোরেশন লিঃ কে ৫ লাখ টাকা, মডার্ন থ্রেড লিঃ কে ২ লাখ টাকা, এজিএস ইন্টারন্যাশনাল লিঃ কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়াই ইটভাটা পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে নারায়ণগঞ্জ জেলাস্থ ফতুল্লা উপজেলাধীন বক্তাবলী এলাকায় অবস্থিত মেসার্স নিউ ব্রিকস ম্যানুফ্যাকচারার-২ কে ২ লাখ টাকা, মেসার্স এ কে বি ব্রিকস কে ২ লাখ টাকা এবং মেসার্স ন্যাশনাল ব্রিকস ম্যানুঃ কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। -প্রেস বিজ্ঞপ্তি