পাঁচদিনব্যাপী ফার্নিচার মেলা শুরু

‘আমার দেশ আমার আশা, দেশীয় ফার্নিচারে সাজাব বাসা’ এই শ্লোগানে রাজধানীতে ১২তম জাতীয় ফার্নিচার মেলা সোমবার শুরু হয়েছে। শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া ৫ দিনব্যাপী এ মেলা শেষ হবে আগামী ১৯ এপ্রিল। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনকালে জানানো হয়, ৫৫টি ফার্নিচার তৈরি ও বিপণনকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার প্রদর্শনী চলবে। মেলা পরিদর্শনের জন্য কোনো প্রবেশ মূল্য নেই। ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি ইলিয়াস সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু। প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি এ শিল্পের বিকাশে একটি প্রশিক্ষণ ইন্সটিটিউট স্থাপনের দাবি জানান। এ খাতে রফতানি উত্সাহিত করতে নগদ সহায়তার জন্য আগামী বাজেটে এফবিসিসিআই’র পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হবে বলে জানান তিনি।