বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৪, ২২:০১
বাংলাদেশ দল সিটিসেল থ্রী অন থ্রী দক্ষিণ এশিয়ান বাস্কেটবলের প্রথম দিনেই তিন ম্যাচে ভুটান, শ্রীলংকা ও নেপালকে হারিয়ে শিরোপার দুয়ারে দাঁড়িয়ে ছিল। শিরোপা জিততে স্বাগতিকদের দরকার ছিল মালদ্বীপকে হারানো। এমন হিসাব নিয়ে গতকাল বুধবার শেষ বিকালে ধানমন্ডির বাস্কেটবলের কোর্ট নেমে দক্ষিণ এশিয়ান বাস্কেটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
লিগভিত্তিক চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে বাংলাদেশ ২১-৯ পয়েন্টে মালদ্বীপকে হারিয়েছে। ১০ মিনিটের খেলা। বাংলাদেশকে পুরো সময় খেলতে হয়নি। ক্রিকেটে যেমন এক ওভার হাতে রেখেও কোনো দল চ্যাম্পিয়ন হয়; তেমনি বাস্কেটবলের এ টুর্নামেন্টে এক মিনিট হাতে রেখেই চার খেলায় সবকটিতে জিতে ৮ পয়েন্ট পেয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। ৭ পয়েন্ট নিয়ে শ্রীলংকা রানার্সআপ, ৬ পয়েন্ট নিয়ে নেপাল তৃতীয়, চার খেলায় ভুটান এক ম্যাচ জিতে ৫ পয়েন্ট পেয়ে চতুর্থ এবং মালদ্বীপ চার ম্যাচই হেরে চার দলের মধ্যে চতুর্থ হয়েছে।
তারপরও মালদ্বীপকে হারাতে যতটা বেগ পেতে হবে মনে করেছিলেন মিঠুন, সোয়েব, রাশেদরা তেমনটা হয়নি। এক ঘন্টা দেরিতে শুরু হওয়া শিরোপা নির্ধারণী ম্যাচের শুরু থেকেই দারুণ খেলে পয়েন্ট ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। সোয়েব, মিঠুনরা যখন ৭ পয়েন্ট সংগ্রহ করে এগিয়ে যান তখন মালদ্বীপের মাত্র ১ পয়েন্ট। বড় ব্যবধান রেখেই প্রথম বারের মতো দক্ষিণ এশিয়ান বাস্কেটবলে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।
আফগানিস্তান দক্ষিণ এশিয়ার বাস্কেটবলে সেরা। যুদ্ধ বিধ্বস্ত দেশটি এসএ গেমস বাস্কেটবলের বর্তমান চ্যাম্পিয়ন। ভারত রানার্সআপ এবং তৃতীয় বাংলাদেশ। চ্যাম্পিয়ন দলের কোচ ওয়াসিফ খুশি হয়েছেন। তবে আরো দল থাকলে বেশি ম্যাচ খেলার সুযোগ পেতেন বলে তিনি মনে করেন। এই কোচ বলছিলেন, ‘টুর্নামেন্টে আমাদের শ্যুটিং ভালো ছিল। টু পয়েন্ট ভালো ছিল।’
শিরোপা জয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আরো কয়েকটি দল থাকলে আমাদের মানটাও যাচাই করা যেতো। তারপরও আমরা একটা শিরোপা পেয়েছি। ছেলেরা ভালো খেলেছে। দেশের বাস্কেটবল খেলোয়াড়দের জন্য এটাও একটা বাড়তি প্রেরণা।’
থ্রী অন থ্রী বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের খেলোয়াড়দের শারীরিক উচ্চতা চোখে পড়ার মতো। তাদের চেয়েও অনেকটা খাটো মালদ্বীপের খেলোয়াড়রা। মালদ্বীপের খেলোয়াড় আহমেদ ইফসা বাংলাদেশের প্রসংশা করে বলেন, ‘ওরা ভালো খেলেছে।’ তিনি বলেন, ‘আমাদের দেশের সেরকম সাকসেস না থাকলেও আমরা আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছি। সেখানে বাস্কেটবল লিগ হয়। প্রায় দুই শতাধিক খেলোয়াড় আছেন।’ মালদ্বীপের কোচ কাল বাংলাদেশের কাছে হেরে গিয়ে বলেন, ‘আমরা এই ফ্লোরে খেলতে পারিনি। মুভ করা যায় না। একটু সমস্যা ছিল। তবে কোনো সন্দেহ নেই বাংলাদেশ সেরা।’ চতুর্থ স্থান পাওয়া মালদ্বীপ ফেয়ার প্লে ট্রফি পেয়েছে এই টুর্নামেন্টে।
গত বছর বাংলাদেশে সাউথ এশিয়ান বাস্কেটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। ১৪-১৭ মে নেপালে সাউথ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে খেলবে বাংলাদেশের সিনিয়র দল।
দুই দিনের এই টুর্নামেন্ট শেষে কাল পুরস্কার বিতরণ করেন খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট মো:কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও সিটিসেলের হেড অব করপোরেট কমিউনিকেশনস তাসলিম আহমেদ, ফেডারেশন সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, সাধারণ সম্পাদক একে সরকার।