গোদাগাড়ীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ভাটা গ্রামে পদ্মা নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। এলাকাবাসীর বাধা ও প্রশাসনের নিষেধাজ্ঞা উপক্ষো করে স্থানীয় একটি প্রভাবশালী মহল দিনে-রাতে অবাধে বালু উত্তোলন অব্যাহত রেখেছে। অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবিতে গত বুধবার সকালে এলাকাবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যান, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রশাসককে লিখিত অভিযোগ দিয়েছেন। এলাকার ৫৬ জন বাসিন্দার স্বাক্ষরিত অভিযোগে বলা হয়েছে, গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নের ভাটা গ্রামের দক্ষিণ-পশ্চিম ভাগে পাউবোর নদী তীররক্ষা বাঁধ রয়েছে। কিন্তু এই বাঁধের ওপর দিয়েই অবৈধ বালু ঘাট খুলে অপরিকল্পিতভাবে বালু তুলে যাচ্ছে কিছু প্রভাবশালী ব্যক্তি। আগামী ভরা মৌসুমে ওই এলাকাটিতে তীব্র নদী ভাঙ্গনের আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ খালিদ হোসেন বলেন, ‘এর আগেও একটি বালুর ঘাটে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জড়িতদের জরিমানা করা হয়েছিল। বাকিগুলো পালিয়ে গেছে। এখন আবার অবৈধ বালু তোলার অভিযোগ এসেছে, খুব শীঘ্রই অভিযানে যাওয়া হবে।’