রামগঞ্জে স্কুলের দেয়াল ভেঙ্গে সম্পত্তি দখল
রামগঞ্জ (লক্ষীপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৪, ২১:০২
রামগঞ্জ উপজেলার পৌর ভবন সংলগ্ন রামগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ভেঙ্গে স্কুলের সম্পত্তি জবরদখল করে ভবন নির্মাণ করছে ম্যানেজিং কমিটির সভাপতি কালু মিয়া প্রকাশ রড কালু। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, ১০ বছর পূর্বে স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়। সোমবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কালু মিয়া পরিকল্পিতভাবে স্কুলের দক্ষিণ পাশের বাউন্ডারী ওয়াল সংলগ্ন মাটি সরিয়ে নিলে ওয়ালটি সামান্য হেলে পড়ে। নিজস্ব লোকজন দিয়ে বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলে।
রামগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান আক্তার বলেন, সভাপতি বাউন্ডারি ওয়াল সংলগ্ন মাটি কাটা আরম্ভ করা মাত্রই আমি উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার নবীর উদ্দিন জানান, প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ম্যানেজিং কমিটির সভাপতি কালু মিয়া জানান, বাউন্ডারি ওয়ালটি আমি ভেঙ্গেছি, আমার কাজ শেষ হলে আমি নিজেই করে দেব।