বিভিন্ন স্থানে সংঘর্ষ আহত শতাধিক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৪, ২১:০২
গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে পৃথক সংঘর্ষে আহত হয়েছেন ১০০ জন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মোল্লাকান্দিতে
সংঘর্ষ আহত ২০
মাদারীপুরের রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বিবদমান দু’গ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয় । এ সংঘর্ষে উভয় গ্রুপের ২০ জন আহত হয়। মারাত্মক আহত ৫ জনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে । পূর্ব শত্রুতার জের ধরে গ্রামের ফরহাদ খান গ্রুপ ও সোহরাফ খান গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় । পুলিশ গিয়ে ৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মধুখালীতে মহিলাসহ
আহত ১০
মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের জগন্নাথদী গ্রামে সুবোধ পাল ও সন্তোষ পালের পরিবারের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সুবোধের স্ত্রী মিনতি পাল (৪০) গুরুতর আহতাবস্থায় মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছে। গাছের ফল পাড়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।
রায়পুরায় টেঁটাযুদ্ধে
২০ জন আহত
রায়পুরায় দুই পক্ষের মধ্যে টেঁটাযুদ্ধে প্রায় ২০ জন আহত হয়েছে। উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁঁও গ্রামের সহিদ মেম্বার ও হরিপুর গ্রামের সুমেদ আলীর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে থেমে থেমে এ সংঘর্ষ হয়।
এতে উভয় পক্ষের টেঁটা ও ককটেল বিস্ফোরণে ২০ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে মিষ্টার মিয়া (২৪), আবু ছিদ্দিক (২২), শাহীন মিয়া (১৮), হানিফা (২৪), তাহার মিয়া (৩০), মনির হোসেন (২৫), রিপন মিয়া (২৪), বাবুল (২৬), জামাল (৩০) ও খোকা মিয়া (২৮)কে নরসিংদী ও পার্শ্ববর্তী নবীনগর উপজেলার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
মনোহরগঞ্জে জুয়ার টাকা ভাগ নিয়ে সংঘর্ষে আহত ৫০
কুমিল্লার মনোহরগঞ্জে জুয়ার টাকা ভাগ-বাটোয়ারা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধ ও দোকানদারসহ ৫০ জন আহত হয়েছে। নাথেরপেটুয়া পুরান বাজার এলাকায় বৈশাখী মেলায় জুয়ার আসর থেকে টাকা তোলা ও ভাগ-ভাটোয়ারাকে কেন্দ্র করে হাতিমারা ও বিনয়ঘর গ্রামের লোকদের মাঝে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে তা দু’গ্রামবাসীর মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।