গোপালপুরে কোটি টাকার গাছ নিয়ে হরিলুট কারবার

উপজেলার নগদাশিমলা ইউনিয়নের শিমলাবাজার-বিলডগা সড়কের মূল্যবান গাছপালা নিয়ে চলছে হরিলুট কারবার। জানা যায়, ১৯৯৮-৯৯ অর্থবছরে ‘ওয়ার্ল্ড টুরিস্ট মিশন’ নামক এনজিও দুঃস্থ মহিলাদের অংশীদার করে সড়কে গাছ লাগায়। চুক্তি ছিল ১২ বছর পর গাছ কেটে হিস্যা বন্টন করা হবে। কিন্তু ২০০৭ সালে ওই এনজিও লাপাত্তা হলে গাছের মালিকানা ও হিস্যা নিয়ে সমস্যা দেখা দেয়। এই সুযোগে গত দু’বছর ধরে গাছ লুটে নিচ্ছে সন্ত্রাসীরা। গত বুধ ও বৃহস্পতিবার দু’দিনে তারা চার লাখ টাকা মূল্যের ১২টি বিশাল আকৃতির আকাশমনি গাছ কেটে নিয়েছে। সরকারি দলের নাম ভাঙ্গিয়ে হাবিবুল্লাহ ও তার দলবল এ দুষ্কর্ম চালাচ্ছে বলে জানান চতিলা গ্রামের নজরুল ইসলাম। সড়ক বনায়নের অংশীদার জোতবাগল গ্রামের সখিনা বেগম বলেন, লাভের আশায় ১৫ বছর ধরে গাছ পাহারা দিয়েও এখন অংশ পাচ্ছি না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা ইসলাম জানান, এসব গাছ এখন সরকারি সম্পত্তি। কেউ বেআইনিভাবে কর্তন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।