বিভিন্ন স্থানে চারজন খুন

দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় গত দুইদিনে চারজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। মহেশপুরে পুত্রের হাতে পিতা খুন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বেদবাড়িয়া গ্রামে তুচ্ছ ঘটনায় গত বুধবার বিকালে বিশারত আলী (৫৫) নামে এক ব্যক্তি পুত্রের হাতে খুন হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানান, বিশারত আলীর ছেলে আশানুরের মধ্যে বিদ্যুতের বিল দেয়াকে কেন্দ্র করে ঝগড়া হয়। ছেলের হাতে থাকা টেস্টার দিয়ে পিতার বুকে খোঁচা মারলে গুরুতর আহত হন। তাকে প্রথমে মহেশপুর হাসপাতালে ও পরে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিত্সকরা ফেরত দেয়। বাড়ি নেয়ার পর তার মৃত্যু হয়। এসআই বিপ্লব জানান, ঘটনার পর থেকে আশানুর পলাতক রয়েছে। ভাণ্ডারিয়ায় নারীর লাশ উদ্ধার পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার উত্তর বোথলা গ্রামের একটি মাঠ থেকে পুলিশ গত বুধবার সকালে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে। বোরকা পরিহিতা নারীর লাশের পাশে একটি মোবাইল সেট ছিল। ভাণ্ডারিয়া থানার এসআই মোঃ জুয়েল জানান, ধারণা করা হচ্ছে ৩ থেকে ৪ দিন আগে ঐ নারীকে হত্যা করা হয়েছে। ত্রিশালে এক ব্যক্তি খুন ময়মনসিংহের ত্রিশালে গতকাল বৃহস্পতিবার সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে জমির আলী (৬০) নামে এক ব্যক্তি খুন হন। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার বালুদিয়া গ্রামের জমির আলী প্রতিবেশী মকবুল হোসেনের বাড়ির সামনে দিয়ে হাঁটার সময় মকবুল হোসেন জমির আলীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। ত্রিশাল থানার ওসি কামরুল ইসলাম জানান, জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় অভিযুক্ত মকবুলকে গ্রেফতার করা হয়েছে। মকবুল খুন করার কথা স্বীকার করেছে। শ্রীনগরে মহিলা গ্রাম পুলিশ খুন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর ইউপি ভবনে গত বুধবার সকালে পারভীন আক্তার (৪০) নামে এক গ্রাম পুলিশকে শ্লীলতাহানির পর হত্যা করেছে লাল মিয়া নামে আরেক গ্রাম পুলিশ। শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, প্রতিদিনের মত পারভীন ইউনিয়ন পরিষদে কাজে আসেন। তাকে একা পেয়ে গ্রাম পুলিশ লাল মিয়া শ্লীলতাহানির পর গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে মো. আসাদুল বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন। অভিযুক্ত লাল মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে। ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, সচিবের ফোনে তিনি ঘটনা জানতে পারেন।