বাগমারায় দুই গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৪, ২১:০৪
সাংস্কৃতিক অনুষ্ঠানে নারী দর্শকদের হয়রানির অভিযোগে রাজশাহীর বাগমারা ও দুর্গাপুর উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পৌরসভার প্যানেল মেয়ারসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলিবর্ষণ করে। জানা যায়, গত মঙ্গলবার রাতে বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ভাবনপুর গ্রামের কয়েকজন তরুণ মরগাদহ সেতুর পাশে পহেলা বৈশাখ উপলক্ষে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাত ১০ টার দিকে অনুষ্ঠান শুরু হলে মঞ্চের পাশে বসা নারী দর্শকদের পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামের কয়েকজন বখাটে যুবক অশ্লীল অঙ্গভঙ্গি করেন এবং ঢিল ছোঁড়েন। এতে কয়েকজন নারী আহত হন। এসময় স্থানীয় তাহেরপুর পৌরসভার প্যানেল মেয়র ও পৌর যুবলীগের সাবেক সভাপতি বাবুল খাঁ বখাটেদের নিবৃত্ত করেন। বখাটেরা এলাকায় ফিরে গিয়ে তাদের উপর হামলা হয়েছে বলে প্রচার করে গ্রামের লোকজনকে ডেকে আনে। রাতে সাড়ে ১০টায় দুর্গাপুরের গোপালপাড়া গ্রামের ছাত্রলীগ নেতা রতন ও রিপনের নেতৃত্বে কয়েকশ’ লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা চালিয়ে মঞ্চ ভাংচুর করে। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এসময় আয়োজকরা প্রতিরোধের চেষ্টা করলে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আধঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া।