রোলা গ্যারোয় না খেলার ইঙ্গিত ফেদেরারের
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৪, ২১:২১
অস্ট্রেলিয়ান ওপেনের ২০০০ সালের আসর থেকে খেলেছেন প্রতিটি গ্র্যান্ড স্ল্যামেই। তবে রজার ফেদেরারের একটানা ৫৭ টি গ্র্যান্ড স্ল্যাম রেকর্ডে ছেদ পড়তে পারে খুব শীঘ্রই। খুব শিগগিরই তৃতীয় সন্তানের জনক-জননী হতে যাচ্ছেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার ও তার স্ত্রী মিরকা ভাভরিনেচ। আর সে কারণেই আগামী মাসে অনুষ্ঠিতব্য ফ্রেঞ্চ ওপেনে অংশগ্রহণ করা নাও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ফেদেরার।
যদিও নতুন সন্তানের জন্মের সম্ভাব্য তারিখ নিয়ে ফেদেরারের পরিবার দারুণ গোপনীয়তা রক্ষা করে চলেছে। তৃতীয় সন্তানটির জন্মের সম্ভাব্য কোন তারিখ কোন সময়ই প্রকাশ করা হয়নি। এই দম্পতির চার বছরের যমজ দুটি কন্যা সন্তান রয়েছে।
মন্টে কার্লো মাস্টার্সে প্রথম ম্যাচে গতকাল রাডেক স্টেপানেককে পরাজিত করার পরে চতুর্থ বাছাই ফেদেরার এই প্রসঙ্গে বলেছেন, ‘সন্তান জন্মের সময় আমার মূল দায়িত্বই হবে মিরকার পাশে থাকা এবং তাকে সহযোগিতা করা। অবশ্যই আমি অনেক টেনিস ম্যাচ খেলেছি, আর তাই একটি ম্যাচ বা একটি টুর্নামেন্ট না খেললে সেটা ক্যারিয়ারে বড় কোন পরিবর্তন আনবে না। যেহেতু আমরা এখনো জানি না কবে সে পৃথিবীতে আসছে। আর তাই এই মুহূর্তে আমি খেলা নিয়েই ভাবতে চাই।’ স্ত্রীর পাশে থাকতে ফ্রেঞ্চ ওপেনে না খেলার কোন পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে রেকর্ড ১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ী বলেন, ‘হ্যা। তবে যখন এটা হবে তখনই এ বিষয়ে কথা বলা যাবে। এই মুহূর্তে আমি শুধু আশা করতে পারি এমনটা ঘটবে না। যদি সেরকম কিছু হয়ই, তাহলে বুঝতেই পারছেন কি ঘটবে।’ ফ্রেঞ্চ ওপেন শুরু হতে এখনো পাঁচ সপ্তাহ সময় বাকি রয়েছে। এই সময়ের মধ্যে তিনি নিজের নাম বছরের দ্বিতীয় এই গ্র্যান্ড স্ল্যামে যুক্ত করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে সাবেক শীর্ষ তারকা বলেছেন চূড়ান্ত সিদ্ধান্ত নেবার সময় এখনো আসেনি।