ভেট্টোরির প্রত্যাবর্তন নিয়ে সংশয়

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য নিউজিল্যান্ড গত সপ্তাহে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করা হলেও তাতে বিবেচিত হননি অভিজ্ঞ স্পিনার ও সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোর। দৃশ্যত টেস্ট ক্রিকেটের টানা ধকল সামলানোর মতো ফিটনেস এখনও অর্জন করতে পারেননি বলেই ভেট্টোরির এই দশা। এ ঘটনায় তার ভবিষ্যত্ নিয়েও শঙ্কা দেখা দিল। এর বিপরীতে ব্ল্যাকক্যাপসদের হয়ে খেলার জন্য ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা লুক রঞ্চি ও মার্ক ক্রেইগ। তিন ম্যাচের এই টেস্ট সিরিজের জন্য স্পিন বান্ধব উইকেটের কথা বিবেচনা করে ওটাগোর স্লো বোলার মার্ক ক্রেইগকে প্রথমবারের মত জাতীয় দলে ডাকা হয়েছে। তার সাথে অপর নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান রঞ্চিকে। ব্ল্যাকক্যাপসদের হয়ে রঞ্চির ওয়ানডে অভিজ্ঞতা থাকলেও এই প্রথমবারের মত টেস্ট দলে ডাক পেলেন তিনি। তবে ২৭ বছর বয়সী ক্রেইগের কোন ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেট খেলার কোন অভিজ্ঞতা নেই। জিতান প্যাটেলের পরিবর্তে ইস সোধির সাথে সম্ভাব্য দ্বিতীয় স্পিনার হিসেইে তাকে বিস্ময়করভাবে দলে ডাকা হয়েছে। এ সম্পর্কে নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে বলা হয়েছে জুন মাসের এই সফরের জন্য ব্যক্তিগত কারণে প্যাটেল খেলতে পারছেন না। যদিও গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইংলিশ কাউন্টি ক্লাব ওয়ারউইকশায়ারের হয়ে খেলার কারণেই প্যাটেল নিজেকে টেস্ট দল থেকে প্রত্যাহার করে নিয়েছেন। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার খুব একটা সফল না হওয়ায় সেটাকে আর নতুন করে বিবেচনা করতে চাচ্ছেন না বলেই রিপোর্টে প্রকাশ পেয়েছে। এদিকে কোচ মাইক হেসন বলেছেন নিউজিল্যান্ডের অন্যতম স্পিন অস্ত্র ভেট্টোরিকে আপাতত পাওয়া যাচ্ছে না। এর কারণ হিসেবে হেসন জানিয়েছেন ইনজুরি থেকে ফিরে এখনো নিজেকে টেস্ট ক্রিকেটের সাথে মানানসই মনে করছেন না ভেট্টোরি নিজেই। ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ অল রাউন্ডার দীর্ঘদিন ধরেই পেশী ও পিঠের ইনজুরিতে ভুগছেন। সর্বশেষ দুই বছর আগে তিনি টেস্ট ক্রিকেট খেলেছিলেন। ফেব্রুয়ারিতে অবশ্য ভেট্টোরি নিজেই বলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরের মাধ্যমে তিনি পুনরায় দলে ফিরতে ইচ্ছুক। একইসাথে তিনি জানিয়েছিলেন এই সফরে ফিরতে না পারলে তার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা কঠিন হয়ে যাবে। ইয়ান বোথাম এবং কপিল দেবের পরে তৃতীয় খেলোয়াড় হিসেবে ভেট্টোরি টেস্টে ৪০০০ এর বেশি রান ও ৩০০’র উপরে উইকেট দখল করেছেন। ১১২ টেস্টে তার সংগৃহীত রান ৪৫১৬ এবং উইকেট সংখ্যা ৩৬০। সাবেক এই অধিনায়ক কপিল দেবের পরে দ্বিতীয় টেস্ট খেলোয়াড় হিসেবে চার হাজার রানের পাশাপাশি ৪০০ উইকেট দখলের লক্ষ্য স্থির করেছিলেন। এখন সেই স্বপ্ন কিছুটা শঙ্কার সম্মুখীন, যদিও ভেট্টোরি বলেছেন কোন কিছুই তার হাতে নেই। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে ব্যাটসম্যান জেসে রাইডার এবং ফাস্ট বোলার ডগ ব্রেসওয়েলকে এই সফরের জন্য বিবেচনা করা হয়নি। অকল্যান্ডে ভারতের বিপক্ষে চলতি বছরের শুরুতে প্রথম টেস্টের সময় গভীর রাতে মদ্যপানের অভিযোগে এই দুই খেলোয়াড় বাদ পড়েছিলেন। মাঠের বাইরে এই ধরনের অযাচিত ঘটনার এখনো কোন সন্তোষজনক জবাব না পাওয়ায় নির্বাচকরা তাদেরকে বিবেচনা করেননি বলেই এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে। স্কোয়াড : ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি এন্ডারসন, ট্রেন্ট বোল্ট, মার্ক ক্রেইগ, পিটার ফুলটন, টম ল্যাথাম, জেমস নিশাম, লিউক রোচি, হামিশ রাদারফোর্ড, ইস সোধি, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং, কেন উইলিয়ামসন।