সীমিত ওভারের ক্রিকেট ছেড়ে দিতে পারেন জনসন

টেস্ট ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে সীমিত ওভারের ক্রিকেট ছেড়ে দেয়ার কথা ভাবছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন। ফর্মের তুঙ্গে থাকা এ ফাস্ট বোলার বলেন, তার এক চোখ এখন ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৫ অ্যাশেজ সিরিজ। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া দলের জয়ে মুখ্য ভূমিকা রেখে আসছেন ৩২ বছর বয়সী এ পেসার। তার অবিশ্বাস্য বোলিং তোপে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে অ্যাশেজে হোয়াইটওয়াশ করার পর দক্ষিণ আফ্রিকা সফরেও স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজ জয় করে অজিরা। পায়ের পাতায় ইনফেকশন সৃষ্টি হওয়ায় বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে খেলতে পারেননি জনসন। যেখানে গ্রুপ পর্যায় পার হতে পারেনি তার দল।ক্রিকেটের তিন ফরম্যাটেই তার শরীর মানিয়ে নিতে সক্ষম কিনা—এমন প্রশ্নের জবাবে ক্রিকেট ডট কম এইউকে তিনি বলেন, ‘সম্ভবত না। টি-২০ আমার প্রিয় ফরম্যাট নয়, টেস্ট ক্রিকেট খেলার জন্য আমি সানন্দে এটা ছেড়ে দিতে পারি এবং ওয়ানডে (৫০ ওভারের ক্রিকেট) ক্রিকেটের বিষয়েও আমাকে একই ভাবনা ভাবতে হবে।’