চার সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৪, ২২:৩১
কোপা ডেল রে’র ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত হওয়ার পর এবার বার্সেলোনাকে শুনতে হলো আরো একটি দুঃসংবাদ। ঐ ম্যাচেই পায়ে চোট পেয়ে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলের তারকা স্ট্রাইকার নেইমার। প্রত্যাশা অনুযায়ী ফিটনেস ফিরে না পেলে ক্লাবের হয়ে এ মৌসুমে হয়তো আর মাঠে নামা হচ্ছে না এই ব্রাজিলিয়ান সুপারস্টারের।
ক্লাব সূত্রে গতকাল জানানো হয়, বুধবার ডেল রে ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে বার্সেলোনার ২-১ গোলে পরাজিত হওয়া ম্যাচে ইনজুরিতে পড়েন ২২ বছর বয়সী নেইমার। ম্যাচের পরে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, বাম পায়ের চতুর্থ মেটাটারসাল এ আঘাত পেয়েছেন নেইমার।
লা লীগায় অ্যাথলেটিক বিলবাও, ভিলারিয়াল এবং গেটাফের বিরুদ্ধে ম্যাচ মিস করছেন তিনি। তবে ম্যাচের ঠিক কোন সময়ে এই দুর্ঘটনা ঘটে সেটা নিশ্চিত করে বলতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ।
সবকিছু ঠিকঠাক থাকলে চার সপ্তাহের মধ্যেই মাঠে ফিরতে পারবেন নেইমার। সেক্ষেত্রে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে লা লিগায় বার্সেলোনার এ মৌসুমের শেষ ম্যাচে খেলা হতে পারে তার। আগামী মাসের ১৮ তারিখ পয়েন্ট টেবিলের শীর্ষ দল অ্যাটলেটিকোর মাঠে অনুষ্ঠিত হবে খেলাটি।
অ্যাটলেটিকোর কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়ার পর গত বুধবার রাতে রিয়ালের কাছে হেরে কোপা ডেল রে শিরোপা স্বপ্নও বিসর্জন দিতে হয় বার্সেলোনাকে। কাতালানদের এমন দুঃসময়ে দলের অন্যতম প্রধান তারকার চোট ক্লাবের জন্য বড় ধাক্কা হয়ে আসলো বলেই মনে করছেন সবাই। নেইমারের ইনজুরি ব্রাজিল কোচ লুইজ ফেলিপ স্কলারির জন্যও বড় দুঃসংবাদ। কেননা আগামী জুন মাসে নিজ মাঠে শুরু হওয়া বিশ্বকাপে ষষ্ঠবারের মত শিরোপা জয়ের ক্ষেত্রে ব্রাজিলের বড় ভরসা নেইমার।
এদিকে নেইমারের চোটে কপাল খুলে যেতে পারে বার্সার অন্য দুই স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ ও ক্রিশ্চিয়ান তেলোর। মৌসুমের শুরু থেকেই দারুণ ফর্মে থাকলেও নেইমারকে জায়গা দিতে বারবারই দলের বাইরে চলে যেতে হয় সানচেজকে। ধারণা করা হচ্ছে অ্যাথলেটিক বিলবাও’র সঙ্গে আগামীকাল লা লিগার ম্যাচে নেইমারের জায়গা দখল করবেন তিনিই।
নেইমারের পাশাপাশি চোট সমস্যায় ভুগছেন বার্সেলোনার আরেক তারকা জর্ডি অ্যালাবাও। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই স্প্যানিয়ার্ডকে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।