সাকিবদের দ্বিতীয় ম্যাচ আজ

আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের ৪১ রানের ব্যবধানে জয়ে সাকিব আল হাসানের অবদানটা ছিল সামান্যই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী খেলাটিতে ব্যাট হাতে এক রান আর বোলিংয়ে এক উইকেট দিয়ে কোনভাবেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় ম্যাচ আজ। দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচের আগে স্বাভাবিকভাবেই কলকাতা চাইবে প্রথম ম্যাচের পারফরম্যান্স ধরে রাখতে। সেদিক বিবেচনা করলে সাকিবের অবস্থান ঠিক এর বিপরীতে। তাই সুযোগ পেলে আগের ম্যাচের সাদামাটা পারফরম্যান্স থেকে বের হয়ে বড় কিছুই করতে চাইবেন তিনি। প্রথম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে আট উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে দিল্লী। তাই এই ম্যাচটি তাদের জন্য নিজেদের ফিরে পাওয়ার লড়াই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সেট ম্যাক্স। এর আগে বিকাল সাড়ে চারটায় মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও বেঙ্গালুরু।