নেত্রকোনায় ১ম বিভাগ ক্রিকেট শুরু

নেত্রকোনা স্টেডিয়ামে গতকাল শুক্রবার শুরু হওয়া জেলার প্রথম বিভাগ ক্রিকেট লিগে উদ্বোধনী দিনের খেলায় বৈকালী ক্রীড়া চক্র ২২৪ রানের বিশাল ব্যবধানে বনানী ক্রীড়া চক্রকে পরাজিত করে। বৈকালী ক্রীড়া চক্র ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৩ রান তোলে। জবাবে বনানী ক্রীড়া চক্র ৩৬ ওভারে মাত্র ৩৯ রানে অলআউট হয়ে যায়। ক্রিকেট লীগ উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান, জেলা ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কামাল আজাদ, ক্রীড়া সংস্থার সম্পাদক সাইদুর রহমান এবং ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক মুখলেছুর রহমান। উল্লেখ্য, নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হওয়া এই লিগে ১২টি দল অংশ নিচ্ছে।