অনুশীলনে ফিরেছেন রোনালদো

দুই সপ্তাহ আগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইনজুরিতে পড়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন রোনালদো। ক্রিশ্চিয়ানো রোনালদো আবার অনুশীলনে ফিরেছেন। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে বুধবার অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালটির আগে ফিট হয়ে উঠতে মরিয়া রোনালদো গত শুক্রবার দলসঙ্গীদের সাথে অনুশীলনে নামেন। হাঁটু ও উরুর ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের সর্বশেষ চারটি খেলাতেই তিনি অংশ নিতে পারেননি। এর মধ্যে আছে কোপা ডেল রে’র ফাইনালটিও। ম্যাচটিতে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে রিয়াল। দুই সপ্তাহ আগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইনজুরিতে পড়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন রোনালদো। চলতি মৌসুমে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত সর্বাধিক গোল করেছেন পতুর্গীজ অধিনায়ক। তাই বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্নের বিপক্ষে তাকে দলে পেতে রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি উন্মুখ হয়ে আছেন। ২০০২ সালের পরে ১০ম ইউরোপিয়ান শিরোপা ঘরে তুলতেও মরিয়া হয়ে আছে রিয়াল। ক্লাবের ওয়েবসাইটে জানানো হয় রোনালদো ছাড়াও অনুশীলনে যোগ দিয়েছেন ইনজুরি আক্রান্ত লেফট ব্যাক ব্রাজিলের মার্সেলো। দু’দলের ফিরতি ম্যাচটি ২৯ এপ্রিল বায়ার্নের মাঠে অনুষ্ঠিত হবে। অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটি হবে ২৪ মে পর্তুগালের লিসবনে। -বাসস