লিভারপুলের সামনে রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে চেলসির বিরুদ্ধে বড় ম্যাচে মাঠে নামার আগে আজ নিজেদের ঝালিয়ে নেয়ার দারুণ সুযোগ পাচ্ছে লিভারপুল। নরউইচ সিটির মাঠে আজ স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে তারা। পয়েন্ট টেবিলে শীর্ষস্থান সুসংহত করার পাশাপাশি এই ম্যাচে জিততে পারলে পুরনো কিছু রেকর্ডও নতুন করে লিখবে অল রেডরা। এদিকে, গুডিসন পার্কে রাতের অন্য ম্যাচে ডেভিড ময়েসের ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে ময়েসের সাবেক ক্লাব এভারটনের। আর আর্সেনাল খেলবে হাল সিটির মাঠে। দুই যুগ বাদে লিগ শিরোপার সুবাতাস পেতে থাকা লিভারপুল আজকের ম্যাচটি জিতলে, সেটি হবে তাদের টানা একাদশ জয়। ২০০৫-০৬ মৌসুমে টানা ১০ ম্যাচ জয়ই ক্লাবের ইতিহাসে এখনো সর্বোচ্চ হয়ে আছে। দলীয় রেকর্ডের পাশাপাশি দারুণ একটা ব্যক্তিগত রেকর্ড হাতছানি দিচ্ছে লুইস সুয়ারেজকেও। লিভারপুলে নাম লেখানোর পর এখন পর্যন্ত চারবার নরউইচের বিরুদ্ধে মাঠে নেমে ১১ গোল করেছেন এই স্ট্রাইকার। নরউইচের মাঠে সর্বশেষ দুইবারই হ্যাটট্রিক করা এই উরুগুইয়ান এবার যদি সেই কীর্তির পুনরাবৃত্তি করতে পারেন তাহলে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়বেন তিনি। লিগের ৩৪তম রাউন্ড শেষে সুয়ারেজের গোল সংখ্যা ২৮। আর ৩১ গোল করে সে রেকর্ডটি এখন যৌথভাবে নিজেদের দখলে রেখেছেন অ্যালান শিয়েরার ও ক্রিশ্চিয়ানো রোনালদো। শিয়েরার ১৯৯৫-৯৬ মৌসুমে ও রোনালদো ২০০৭-৮ মৌসুমে এ রেকর্ডের অংশীদার হন। তবে রেকর্ডের হাতছানির রাতে সুয়ারেজ পাচ্ছেন না তার আক্রমণ সঙ্গী ড্যানিয়েল স্টারিজকে। নিষেধাজ্ঞার কারণে থাকছেন না জর্ডান হেন্ডারসনও। অ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ৩-২ গোলে জয়ের রাতে সরাসরি লাল কার্ড দেখা হেন্ডারসন তার তিন ম্যাচ নিষেধাজ্ঞার প্রথমাংশ ভোগ করবেন আজ। শক্তিমত্তা কিংবা অতীত রেকর্ডের বিচারে এগিয়ে থাকলেও এ ম্যাচে খেলোয়াড়দের পূর্ণ মনোযোগই চাচ্ছেন সফরকারি কোচ ব্রেন্ডন রজার্স। লিভারপুল খেলোয়াড়দের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘আমরা কখনোই খুব দূরে তাকানোর পক্ষপাতী নই। কারণ, এটাই মনোযোগ ধরে রাখার একমাত্র উপায়। আমাদের প্রাথমিক কাজ হচ্ছে নরউইচের বিরুদ্ধে খেলাটা। আমাদের এমন পরিস্থিতি আগেও পাড় করতে হয়েছে যখন আমাদের উপর চাপ ছিল। সুতরাং, এটা আমাদের জন্য কঠিন কোন পরিস্থিতি নয়। তবে আমরা জানি আমাদের ঠেকাতে তারা সর্বোচ্চ চেষ্টাই করবে।’ এদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দ্বিতীয়বারের মতো নিজের পুরনো ক্লাব এভারটনের মুখোমুখি হচ্ছেন ময়েস। যদিও, এবারই প্রথমবারের মতো ১১ বছরের পুরনো ঠিকানা গুডিসন পার্কে ফিরছেন তিনি। আর প্রত্যাবর্তনের এই রাতে পুরনো সমর্থকদের কাছ থেকে সম্মানই আশা করছেন এই স্কটিস। যদিও, ডিসেম্বরে দু’দলের সর্বশেষ লড়াইয়ে এভারটন সমর্থকদের দুয়োই শুনতে হয়েছিল তাকে। ৫০ বছর বয়সী এই কোচ বলেন, ‘এটার কোন কারণ হয়তো তাদের কাছে আছে (ডিসেম্বরের ঐ ম্যাচ বিষয়ে)। তাদের কয়েকজন খেলোয়াড়কে আমি চুক্তিবদ্ধ করতে চেয়েছি সেটা একটা কারণ হতে পারে। তবে আসল কথাটা হচ্ছে আমি শুধু ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দায়িত্বটাই পালন করেছি।’