শিরোপার আরো কাছে লিভারপুল

লুইস সুয়ারেজের রেকর্ড গড়ার রাতে প্রিমিয়ার লিগ শিরোপার সাথে দুরত্বটা আরো কমিয়ে আনলো লিভারপুল। এই স্ট্রাইকারের এক গোলের পাশাপাশি রাহিম স্টার্লিংয়ের দুই গোলে নরউইচ সিটির মাঠে তারা জয় পেয়েছে ৩-২ গোলে। এই জয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা চেলসি ও ম্যানচেস্টার সিটির চাইতে যথাক্রমে পাঁচ ও নয় পয়েন্টে এগিয়ে গেল অল রেডসরা। অবশিষ্ট তিন ম্যাচে অপ্রত্যাশিত কিছু না ঘটলে দুই যুগ পর শিরোপার আনন্দে ভাসতে যাচ্ছে তারা। এদিকে গত রাতের দ্বিতীয় ম্যাচে হাল সিটির মাঠে ৩-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল। স্ট্রাইকারদের দুর্দান্ত ফর্মে অপ্রতিরোধ্য গতিতে এগোতে থাকা লিভারপুল গতকাল রাতে প্রতিপক্ষের মাঠে এগিয়ে যেতে সময় নেয় মাত্র চার মিনিট। রাহীম স্টার্লিংয়ের এই গোলের মিনিট সাতেক পরেই তারা পেয়ে যায় দ্বিতীয় গোলও। নরউইচের বিরুদ্ধে দুর্দান্ত ফর্মের অতীত রেকর্ড বজায় রেখে সফরকারিদের পক্ষে ব্যবধান বাড়ান সুয়ারেজ। এটি ছিল নরউইচের বিরুদ্ধে সর্বশেষ পাঁচ ম্যাচে তার পঞ্চদশ গোল। এই গোলের মাধ্যমে লিভারপুলের পক্ষে লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডে ইয়ান রাশের রেকর্ডে ভাগ বসান এই উরুগুইয়ান। ১৯৮৭ সালে রাশ অল রেডসদের পক্ষে সর্বশেষ এক মৌসুমে ৩০ গোল করেছিলেন। লিগের অবশিষ্ট তিন ম্যাচে মাত্র দুটি গোল করলেই ৩৮ রাউন্ডের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়বেন সুয়ারেজ। ৩১ গোল করে সেই রেকর্ডের মালিকানা এখন যৌথভাবে ক্রিশ্চিয়ানো রোনালদো ও অ্যালান শিয়েরারের হাতে। গ্যারি হপার্স ও রবার্ট স্যান্ডগ্রস নরউইচের পক্ষে গোল দুটি করেন। এই জয়ে ৩৫ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট দাড়াল ৮০, অন্যদিকে সান্দারল্যান্ডের বিরুদ্ধে গত শনিবারের হারের ফলে সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ৭৫। আর ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সিটি। টানা দুই ম্যাচে পয়েন্ট খুইয়ে শিরোপা লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়লেও লিগ শিরোপা পুনরুদ্ধারের আশা ছাড়ছেন না ম্যানচেস্টার সিটি কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি। পয়েন্ট টেবিলে সিটির উপরে থাকা দুই দল লিভারপুল এবং চেলসি মৌসুম শেষ হবার আগে আরো পয়েন্ট খোয়াবে বলেও মন্তব্য করেন পেলিগ্রিনি। এদিকে, এই চিলিয়ানের এ মন্তব্যের একদিন পরেই সান্দারল্যান্ডের বিরুদ্ধে গত শনিবার রাতে হেরে গেছে চেলসি। লিভারপুলের কাছে অ্যানফিল্ডে ৩-২ গোলে হারের পর গত সপ্তাহে সিটি ২-২ গোলে ড্র করে পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচের দল সান্দারল্যান্ডের সাথে। এরপর গতকাল রাতে নরউইচ সিটিকে ৩-২ গোলে হারিয়ে সিটির সঙ্গে পয়েন্টের ব্যবধানটা নয়ে নিয়ে যায় লিভারপুল। যদিও, শীর্ষে থাকা দলটির চাইতে দুই ম্যাচ কম খেলেছে সিটি। তবে আজ ওয়েস্ট ব্রমের বিরুদ্ধে মাঠে নামার সময় এসব তথ্য মাথায়ই আনতে চাইছেন না পেলিগ্রিনি। বরং, নিজেদের শেষ পাঁচ ম্যাচে পূর্ণ পয়েন্ট অর্জনের দিকেই দৃষ্টি সাবেক মালাগা কোচের। নিজেদের কাজটা ঠিকভাবে করতে পারলে সিটির শিরোপা জয়ের যথেষ্ট সুযোগ আছে বলেই মনে করছেন তিনি। কারণ, চলতি মৌসুমের গতিপথ বলছে সিটির মতো লিভারপুল-চেলসিও পরবর্তী ম্যাচগুলোতে পয়েন্ট খোয়াতে পারে, ‘গত ম্যাচে আমরা যেভাবে পয়েন্ট খুইয়েছি, আমি নিশ্চিত অন্য দলগুলোও সেভাবে পয়েন্ট হারাবে। আমাদের এখনো ১৫টি পয়েন্ট অর্জনের সুযোগ আছে এবং সেখান থেকে সর্বোচ্চটা নেবারই চেষ্টা করবো আমরা। তারপরে মৌসুম শেষে দেখা যাবে কে শিরোপা জেতে। সবাই জিততে চায়। আমরা চাই সম্ভাব্য সেরা উপায়ে মৌসুম শেষ করতে।’ সান্দারল্যান্ডের বিরুদ্ধে হারের ধাক্কা সামলে আজ ইত্তিহাদ স্টেডিয়ামে সমর্থকরা অন্য এক সিটিকেই দেখবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন পেলিগ্রিনি, ‘সান্দারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা ছিল হতাশাজনক। আমি আগেই বলেছি, অবনমন আশঙ্কায় থাকা একটি দলের বিরুদ্ধে খেলাটা কখনোই সহজ নয়। প্রতিটি ম্যাচের ফলাফলই গুরুত্বপূর্ণ এবং আশা করছি ওয়েস্ট ব্রমের বিরুদ্ধে আমরা ভালোই খেলবো।’ লিভারপুলের বিরুদ্ধে ম্যাচে বদলি হিসাবে নেমে গোল পাওয়া জেমস মিলনারও সমর্থন জানালেন কোচের কথার। সান্দারল্যান্ডের মতোই অবনমন আশঙ্কায় থাকা ওয়েস্ট ব্রমও তাদের সম্ভাব্য সর্বোচ্চ চেষ্টাটাই করবে বলে মনে করছেন এই মিডফিল্ডার, ‘ওয়েস্ট ব্রমের বিরুদ্ধে কঠিন একটা সময়ই অপেক্ষা করছে। বড় চ্যালেঞ্জটা হবে কঠিন কিছু মুহূর্ত পার করার পর আবার ফিরে আসাটা। আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। আমার মনে হয়, সান্দারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটার মতোই হবে এটা।’ এদিকে পায়ের পাতার চোটে আগের ম্যাচ খেলতে না পারা ডেভিড সিলভা অনিশ্চিত আজকের ম্যাচেও। একই ধরনের সমস্যায় ভুগছেন আরেক মিডফিল্ডার জেসাস নাভাসও। আর কুচকির চোট মাঠের বাইরে ঠেলে দিয়েছে দলের আইভরি কোস্ট তারকা ইয়া তোরেকেও। এদিকে, শনিবার রাতে চেলসির হারে দ্বিতীয় স্থানে থাকা এই দলটির বিরুদ্ধে পয়েন্টের ব্যবধান এক-এ নামিয়ে আনার সুযোগ পাচ্ছে সিটি। পরের দুইটি ম্যাচ জিতলে চেলসিকে টপকে দুই-এ উঠে যাবে তারা।