মুরসকে পেয়ে কুকের স্বস্তি

ইংল্যান্ডের প্রধান কোচ হিসাবে পিটার মুরকে নিয়োগ দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন দলের অধিনায়ক অ্যালিস্টার কুক। কুক জানান, অ্যান্ডি ফ্লাওয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর দলের ভবিষ্যত্ পারফরম্যান্স নিয়ে এক ধরনের শঙ্কার মধ্যেই ছিলেন কুক। দীর্ঘ যাচাই-বাছাই শেষে ইংল্যান্ড এন্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি) শনিবার মুরকে দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ দেয়। এ বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ফ্লাওয়ার দায়িত্ব ছেড়ে দেন। এরপর অস্থায়ী ভিত্তিতে কোচের দায়িত্ব পালন করে আসছিলেন অ্যাশলে জাইলস। কিন্তু চলতি মাসের প্রথম দিকে বাংলাদেশে শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড দলের চরম ব্যর্থতাই মূলত জাইলসের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়। বিশ্বকাপ এবং ক্যারিবীয় সফরেও দলের সঙ্গে না থাকা কুক বলেন, বহুল আলোচিত দলের ‘নতুন যুগ’ শুরুর প্রতীক্ষায় ছিলেন তিনি। ইসিবি প্রধান পল ডাউনটনকে পাশে রেখে লর্ডসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাফ ছেড়ে বাঁচা কুক বলেন, ‘আমার জন্য এটা চরম উত্তেজনাকর মুহূর্ত। ফ্লাওয়ার পদত্যাগ করার পর থেকে গত দু’মাস বেশ যন্ত্রণার মধ্যে কেটেছে। শেষ পর্যন্ত আজ নতুন কোচ পেয়ে এখন আমরা ভবিষ্যত্ পরিকল্পনা শুরু করতে পারি।’ নতুন কোচের অধীনে দল পুন: গঠনে বেশকিছু পদক্ষেপ গ্রহণের কথাও জানালেন বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান। কুক বলেন, ‘ছোট ছোট পদক্ষেপ নিয়ে আমাদের এগুতে হবে এবং পুনর্গঠনের জন্য আমরা কিছুটা সময় নেব। আমাদের দেশে অনেক মেধা রয়েছে এবং ইংল্যান্ড দলের একজন খেলোয়াড় হওয়াটা সত্যিই উত্তেজনাকর সময়। টেস্ট এবং ওয়ানডে দলে জায়গা পাওয়ার সুযোগ আছে, আমরা একদল নতুন খেলোয়াড় পেয়েছি।’ -বাসস