চাইনিজ ভোজ
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ১৯:৩৫
সারাবছর বাঙালি খাবার খেলেও বিশেষ করে বৈশাখে বাঙালিয়ানা খাবারের কদর সবার কাছেই বেশি। শুভ নববর্ষ পালনের পর বাঙালি খাবার খেতে অনেকেরই হয়তো মন চায় না। তাই মুখের রুচি ফিরিয়ে আনতে আপনি ঘরে বসেই তৈরি করতে পারেন মজাদার চাইনিজ খাবার। চাইনিজের ৪ পদ নিয়ে এবারের রেসিপি
চিকেন থাম্ব
উপকরণ :মিহি কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, চালের গুঁড়া ১/৪ কাপ, ডিম ১টি, লবণ পরিমাণমতো, টমেটো পেস্ট ২ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১ চামচ, লাল মরিচ গুঁড়া ১ চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, ব্রেড ২ টুকরা, সয়াবিন তেল ভাজার জন্য, ফিশ সস ১/২ চা চামচ, অয়েস্টার সস ১ টেবিল চামচ, সিসেম অয়েল ১ টেবিল চামচ, চাইনিজ মসলা ১ চা চামচ, শ্রিম পেস্ট মসলা।
প্রণালি :মাংসের কিমা বের করার সময় রানের হাড় আলাদা করে রাখুন। সব উপকরণ একসাথে নিয়ে চপ করুন। ডিম ও চালের গুঁড়া সবশেষে মেশাতে হবে। এবার রানের হাড়ের সঙ্গে মাংসের কিমা লাগিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে মাঝারি আঁচে ৫ মিনিট ভেজে নিন। এবার ওভেনে ১৮০-তে ১৫ মিনিট বেক করুন।
মিক্সড ফ্রাইড রাইস
উপকরণ :চাল ২ কাপ, টেস্টিং সল্ট ২ চা চামচ, লবণ ১/২ চা চামচ, গোলমরিচের গুঁড়া ২ চা চামচ, এলাচ গুঁড়া ১/২ চা চামচ, চাইনিজ মসলা ১ চা চামচ, গাজর, বরবটি, আলু ৩ কাপ, চিকেন কিমা ১/২ কাপ, ডিম ২টা, চিংড়ি মাছ ১/২ কাপ, সিসেম অয়েল ১ চা চামচ, চিলি অয়েল ১/২ কাপ, সয়াসস ৪ টেবিল চামচ, জর্দার রং ১/৪ এক ভাগ, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ।
প্রণালি :চাল ৫০% সেদ্ধ করে নিন। ডিম, জর্দার রং দিয়ে ফেটে রাখুন। চিকেন ও চিংড়ি কিমা, সয়াসস, টেস্টিং সল্ট, চিকেন কিউব, গোলমরিচের গুঁড়া, এলাচ গুঁড়া দিয়ে মেখে রাখুন। চুলায় পাত্রে চিলি অয়েল দিন। এরপর একে একে পেঁয়াজ কুচি, মাখানো চিকেন, ফাটানো ডিম এবং সবজি দিন। এবার সেদ্ধ চাল, একসাথে টেস্টিং সল্ট, গোলমরিচের গুঁড়া, সয়াসস, সিসেম অয়েল ও চিনি দিন। তারপর ভালো করে নাড়ুন।
চাল সেদ্ধ করার সময় তেজপাতা, লবণ, থাই আদা ছেঁচে দিতে হবে।
পিকিং চিকেন
উপকরণ : (ক) মুরগির সিনা কিউব ১ কাপ, টেস্টিং সল্ট ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, লবণ পরিমাণমতো, সয়াসস ১ টেবিল চামচ, চাইনিজ মসলা ১ চা চামচ।
(খ) ময়দা ১/২ কাপ, টেস্টিং সল্ট ১/২ চা চামচ, লবণ ১/২ চা চামচ, ডিম ১টি, চিনি আধা চা চামচ, পানি ১/৪ কাপ।
(গ) টমেটো সস ১/২ কাপ, লাল মরিচ বাটা ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১ চা চামচ, চিনি ২ চা চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, পানি ১/২ কাপ।
প্রণালি :
(ক) উপকরণগুলো একসাথে মাখিয়ে ১০ মিনিট রাখুন। (খ) উপকরণগুলো দিয়ে পেস্ট তৈরি করে মাখানো মুরগি ডুবো তেলে ভাজুন। (গ) উপকরণগুলো একসাথে জ্বাল করে সস তৈরি করুন। পরিবেশন পাত্রে ভাজা চিকেনের ও উপরে সস ঢেলে পরিবেশন করুন।
সুইট কর্ন চিকেন স্যুপ
উপকরণ :স্টক ১.৫ কেজি, সুইট কর্ন ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, চাইনিজ মসলা দেড় চা চামচ, ক্রিম ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ, ডিম ১টি, লবণ পরিমাণমতো, ধনেপাতা কুচি সামান্য, চিকেন ২ পিস, টেস্টিং সল্ট ১ চা চামচ, বাটার ১ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ১টি।
প্রণালি :মুরগির পা, হাড় ১টি অথবা (পুরো মুরগি), মিষ্টি জিরা ১ টেবিল চামচ, আদা কুচি ১ টেবিল চামচ, পিঁয়াজ কুচি ১ টেবিল চামচ, পানি ৮ কাপ দিয়ে কাপ দিয়ে মিশ্রণ বানাতে হবে।
স্যুপ :স্টক চুলায় দিন। বাটার দিন। চিকেন দিন। সুইট কর্ন, টেস্টিং সল্ট, চিনি, চিকেন ও লবণ দিন। ফুটে উঠলে কর্নফ্লাওয়ারগুলো দিন। ডিম ফেটে দিন। এবং গরম গরম পরিবশন করুন।