নতুন শেখ রাসেল কোচের নিষ্প্রাণ সূচনা

শেখ রাসেল ১ ুচট্টগ্রাম আবাহনী ১ শেখ রাসেল ক্রীড়াচক্রের নতুন কোচ দ্রাগান দুকানোভিচের অভিষেকটা ভালো হলো না। চট্টগ্রাম আবাহনীর সাথে ১-১ গোলে ড্র করে শেখ রাসেলের মুখ রক্ষা হয়েছে কোনো রকমে। ম্যাচে হারতে থেকে রক্ষা পেয়েছে শেখ রাসেল। রেফারির কল্যাণে পেনাল্টি পেয়ে গোল শোধ করে মান বাঁচিয়েছে শেখ রাসেল। সেই সাথে হারের লজ্জা থেকে বেঁচে গেছেন নতুন কোচ মন্টেনেগ্রোর কোচ দ্রাগান দুকানোভিচ। ম্যাচ জিততে ব্যর্থ দলের কোচ ক্ষোভ ঝারলেন রেফারি ভারত চন্দ গৌড়ের উপর। তিনি যেভাবে খেলা চালিয়েছেন সেটা পছন্দ হয়নি নতুন কোচের, ‘খেলায় বার বার বন্ধ হয়েছে। অতিরিক্ত ১৫ মিনিট খেলা হয়। সেটা দেননি রেফারি। রেফারি যে কী খেলা পরিচালনা করলেন আমি কিছুই বুঝতে পারিনি।’ অন্যদিকে চট্টগ্রাম আবাহনীর কোচ নজরুল ইসলাম লেদু আপত্তি করছেন তাদের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত নিয়েই, ‘বল গিয়ে হাতে লেগেছে। হাত গিয়ে বলে লাগেনি। এটা তো ইচ্ছে করে হ্যান্ডবল করেনি। অনিচ্ছাকৃত হ্যান্ডবল হয়েছে। তাতেই রেফারি পেনাল্টি দিলেন।’ এই ম্যাচের দিকে সবার চোখ ছিল শেখ রাসেলের নতুন কোচকে দেখার জন্য। দেশের পরীক্ষিত কোচ মারুফুল হককে বাদ দিয়ে শেখ রাসেল বিদেশি কোচের হাতে তুলে দিয়েছে দলকে। তাতে চোখে পড়ার মতো কোনো পরিবর্তন আনতে পারেননি কোচ। এমনকি খেলায় নতুন কিছু দেখাও যায়নি। চট্টগ্রাম আবাহনী চেষ্টা করছে রেলিগেশন ঠেকাতে। আর সেই দলের বিরুদ্ধে কাল খেলতে নেমে কোনো রকমে হার এড়িয়ে বাড়ি ফিরেছে শেখ রাসেল। দ্রাগান অবশ্য বলছেন, ‘ছন্দে আসতে সময় লাগবে।’ এই ছন্দের অভাবে ম্যাচ হারতেই বসেছিল শেখ রাসেল। গোলশূন্য প্রথমার্ধের পর চট্টগ্রাম আবাহনী ৫৩ মিনিটে গোল করে এগিয়ে যায়। উগান্ডার ডুম্বা মাইকেলের ফ্রিকিক থেকে গিনির মোহাম্মাদ কন্টে গোল করেন। পিছিয়ে পড়ার পর শেখ রাসেল খেলায় ফেরার দারুণ চেষ্টা করছিলো। কিন্তু রাসেলের আক্রমণভাগকে ঠেকিয়েছেন ডুম্বা মাইকেল আর গিনির কামারা। রক্ষণভাগে এই দুজনকে ঠেলে বের হতে পারেননি রাসেলের হাইতির প্যাসকেল, মিঠুন চৌধুরী, রবিন, শাকিলরা। শেষ পর্যন্ত পেনাল্টি থেকে খেলায় ফিরতে পারে তারা। ৬৬ মিনিটে শেখ রাসেলের হাইতির প্যাসকেলের শট চট্টগ্রাম আবাহনীর গিনির কামার হাতে লাগে। পেনাল্টিতে গোল করেন প্যাসকেল। ড্র নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল। একজন কোচ বহিষ্কার হয়েছেন। নতুন কোচ দায়িত্ব নিয়েছেন। তিনিও যে চাপে আছেন সেটা বুঝা যায়। কারণ যে দলটি খেলার মাঝ পথে কোচ বহিষ্কার করে তারা যে কোনো সময় যে কোনো কোচকে বহিষ্কার করতে পারেন। সেটা বুঝতে পারছেন নতুন কোচ। যে কারণে কাল মাঠে নামার আগে তার খেলোয়াড়দের বলেছিলেন ম্যাচ জিততে হবে। আর সেটাই হয়েছে দলের জন্য মানসিক চাপ। কোচ দ্রাগান কাল খেলা শেষে স্বীকার করেছেন মানসিক চাপ ছিল, ‘ম্যাচ জেতার কথা জানিয়েছিলাম ছেলেদের। সে জন্য হয় তো তারা স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। তবে আমি বলছি এখনই সব করা সম্ভব না। আমাকে সময় দিতে হবে।’ শেখ রাসেলের ১১ খেলায় ১৬ পয়েন্ট পেয়ে কোনো পরিবর্তন হয়নি টেবিলে। আর সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে। আজকের খেলা ঃ শেখ জামাল ও ব্রাদার্স (বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৫টা ৩০)।