প্রধান নির্বাচক ও ম্যানেজার মঈন খান
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ২১:৫৫
বাংলাদেশে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি ছিলেন পাকিস্তান জাতীয় দলের কোচ। তবে কোচ হিসেবে সাময়িক এই দায়িত্ব আর পালন করছেন না সাবেক পাকিস্তানী অধিনায়ক ও উইকেটরক্ষক মঈন খান। তার বদলে দেশের ক্রিকেটের অতীব গুরুত্বপূর্ণ দুইটি পদ পাচ্ছেন তিনি। মঈন খানকে পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক ও ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির উত্থান-পতনের খেলায় কিছুদিন আগে নিয়োগপ্রাপ্ত সভাপতি নাজাম শেঠীর প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দেশটির ব্যাটিং কিংবদন্তী ও সাবেক কর্মকর্তা জহির আব্বাসকে।
মঈন দায়িত্ব নেয়ার আগে গত প্রায় ১০ মাস ধরে পাকিস্তান জাতীয় দলে কোনো স্থায়ী নির্বাচক কমিটি ছিল না। ইকবাল কাশিম প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকে তারা আর এই পদে স্থায়ী নিয়োগ দেয়নি। ফলে এতোদিন ধরে সিরিজ-বাই-সিরিজ ভিত্তিতে নির্বাচক হিসেবে দায়িত্ব দেয়া হচ্ছিল।
এবার অবশেষে মঈনকে দায়িত্ব দেয়া হলো জাতীয় দল নির্বাচক কমিটি প্রধান হিসেবে। একই সঙ্গে তিনি দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করবেন। তবে তার বদলে কোচ হিসেবে কে যোগ দেবেন, তা এখনো নিশ্চিত করেনি পিসিবি।