কোর্তের ফেভারিট চেলসি

মধুর এক সমস্যাতেই পড়েছেন থিবট কোর্তে। একদিকে, নিজের আসল ক্লাব, অন্যদিকে বর্তমান ক্লাব। কোন দিকে যাবেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই গোলরক্ষক। আজকের ম্যাচে কোর্তের সমর্থন কোন দিকে, গণমাধ্যমের এমন বিব্রতকর প্রশ্ন মাঠে প্রতিপক্ষের শটগুলো ঠেকিয়ে দেয়ার মতোই দক্ষভাবে সামলালেন এই বেলজিয়ান। বললেন, পেশাগত কারণেই তিনি চাইবেন অ্যাটলেটিকোর জয়। তবে শক্তিমত্তার বিচারে এগিয়ে রাখলেন চেলসিকেই। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে আজ ভিসেন্তে ক্যালদেরনে চেলসিকে আতিথেয়তা দিচ্ছে অ্যাটলেটিকো। বছর তিনেক আগে এই চেলসির কাছ থেকেই ধারে অ্যাটলেটিকোতে যোগ দিয়েছিলেন কোর্তে। এরই মধ্যে বর্তমান ক্লাবের হয়ে নিজের আসল ক্লাব অর্থাত্ চেলসির মুখোমুখি হবার অভিজ্ঞতাও হয়েছে তার। ২০১২ সালে ইউরোপিয়ান সুপার কাপের সেই ম্যাচে চেলসিকে ৪-১ গোলে হারায় অ্যাটলেটিকো। কোর্তের বিশ্বাস এবারও ফলাফলটা অ্যাটলেটিকোর পক্ষেই যাবে, ‘আমি এখানে যত বেশি সম্ভব ট্রফি জিততে চাই। এবং (চ্যাম্পিয়ন্স লিগে) আগামী দুই ম্যাচে অ্যাটলেটিকোর সমর্থকই থাকবো আমি। তবে অন্যান্য সময়ে আমার চেলসির প্রতিও সমর্থন থাকে। আমি চাই তারা প্রিমিয়ার লিগ জিতুক। শুধু আগামী দুটি ম্যাচে (প্রথম ও দ্বিতীয় লেগ) তারা না জিতলেই হলো!’ চেলসির মুখোমুখি হতে পেরে ভালোই লাগছে বলেও মন্তব্য করলেন ২১ বছর বয়সী এই গোলরক্ষক, ‘আমি অ্যাটলেটিকোর হয়ে খেলছি এরপরও আমার কাছে চেলসির মুখোমুখি হতে পেরে ভালই লাগছে। কারণ চেলসিও আমার ক্লাব। তবে এই ম্যাচ নিয়ে না ভেবে আমি সবসময়ের মতো শুধু খেলাই চালিয়ে যেতে চাই। আমার সতর্ক হওয়া উচিত্ কারণ সেটা না হলে হয়তো ম্যাচে আমার পারফরম্যান্স বাজে হয়ে যাবে।’