বদলে যাচ্ছে নিউজিল্যান্ডের ক্রিকেট
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ২১:৫৬
বদলে যাচ্ছে নিউজিল্যান্ডের আভ্যন্তরীণ ক্রিকেট কাঠামো। ঘরোয়া ক্রিকেটের শতকরা ৪৯ ভাগ ছয়টি প্রধান অ্যাসোসিয়েশনের হাতে ছেড়ে দেয়ার দিকে হাঁটছে দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বোর্ডের ধারণা, এর মধ্য দিয়ে আমূল পাল্টে যেতে পারে নিউজিল্যান্ডের ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটকে আরো আকর্ষণীয় করার পাশাপাশি অর্থনৈতিক দৃঢ়তা অর্জনের জন্যই এসব পদক্ষেপ নেয়া হচ্ছে বলে তারা জানিয়েছেন।
সংস্থাটির ঘরোয়া ক্রিকেটের মহাব্যবস্থাপক ডেভিড কুপার একটি রিপোর্ট পেশ করেছেন। এখানে মোট আঠারোটি সুপারিশ করা হয়েছে। দর্শকদের আগ্রহ সৃষ্টি করা থেকে শুরু করে কিভাবে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়া যায় তার কথা বলা হয়েছে। নিউজিল্যান্ড হেরাল্ডের জানিয়েছে, দেশটির ক্রিকেট বোর্ড এর মধ্য দিয়ে টুর্নামেন্টগুলোর গুণগত মান বাড়ানোর ব্যাপারে আশাবাদী। বেসরকারিকরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পেশাদারিত্বের সাথে ঘরোয়া ক্রিকেটের পার্থক্য কমে আসবে। একই সাথে রাগবি কিংবা নেটবলের মতো জনপ্রিয় হয়ে উঠবে ক্রিকেট।
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী এই কার্যক্রমের উজ্জ্বল ভবিষ্যত্ই দেখছেন, ‘আমরা ভবিষ্যেক আরো মজবুত করতে চাই। বাণিজ্যিক ভাবে ব্যাপারটা আমাদের জন্য দারুণ ইতিবাচক। ক্রিকেটে বিনিয়োগ বাড়লে আমাদের আয় বাড়বে। ঘরোয়া ক্রিকেটও এর মধ্য দিয়ে আরো জমজমাট হয়ে উঠবে।’
মোটামুটি সবগুলো অ্যাসোসিয়েশন এর পক্ষেই রায় দিয়েছে। বিরোধিতা করেছে কেবল অকল্যান্ড। অকল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিবর্তনের বিরুদ্ধে মত দিয়েছেন, ‘যে সুপারিশগুলো করা হয়েছে আমরা সেটা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করছি। এটা আমাদের কাছে আপত্তিকর বলেই মনে হয়েছে। এ ব্যাপারে আমরা অবশ্যই বোর্ডের সাথে কথা বলবো।’