প্র যু ক্তি ব্য ক্তি ত্ব : কেভিন ওয়ারউইক

কম্পিউটার নিছক একটি যন্ত্র হলেও এখন আর কম্পিউটারকে নিছক যন্ত্র বলে মনে করার কোনো কারণ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাব কম্পিউটারকে নিয়ে গেছে ভিন্ন একটি স্থানে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজনে তৈরি করা হচ্ছে কৃত্রিম অঙ্গ যেগুলোকে শরীরের সাথে ব্যবহার করা যায় সরাসরি। আর এই কাজের জন্যই প্রয়োজন হয় যন্ত্রের সাথে মানুষের স্নায়ুতন্ত্রের সংযোগের। কম্পিউটারের সাথে মানুষের স্নায়ুতন্ত্রের ইন্টারফেস তৈরি করে যারা বিখ্যাত হয়েছেন, তাদের একজন কেভিন ওয়ারউইক। যুক্তরাজ্যের এই বিজ্ঞানী রোবোটিকস নিয়েও কাজ করছেন। ১৯৫৪ সালের ৯ ফেব্রুয়ারি ওয়ারউইক জন্মগ্রহণ করেন যুক্তরাজ্যের কভেন্ট্রিতে। ওয়ারউইকশায়ারের লরেন্স শেরিফ স্কুলে পড়ালেখা করে মাত্র ১৬ বছর বয়সে তিনি যোগ দেন ব্রিটিশ টেলিকমে। পরে তিনি অ্যাস্টন ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি পিএইচডি করেন ইম্পেরিয়াল কলেজ থেকে। অক্সফোর্ড, নিউক্যাসল এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন। রোবোটিকস-এর বিভিন্ন শাখা নিয়ে তিনি গবেষণা করছেন।