ভুক্তভোগীদের ৪৮ লাখ টাকা করে ক্ষতিপূরণ দাবি
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৪, ২১:৫৬
‘লস অব আর্নিং’ হিসেবে শ্রমিকের এক জীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ বাবদ ৪৮ লাখ টাকা দেয়ার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। একই সঙ্গে তারা আহত শ্রমিকদের উপযুক্ত চিকিত্সার ব্যবস্থা ও পঙ্গু শ্রমিকদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন। মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডের নির্মল সেন মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, ফোরামের সভাপতি শ্রমিক নেত্রী মোশরেফা মিশু।
তিনি বলেন, বিজিএমইএ’র পক্ষ থেকে বলা হয়েছিল রানা প্লাজার হতাহত শ্রমিক পরিবারের সদস্যদের চাকরি দেয়া হবে। বিজিএমইএ এই প্রতিশ্রুতি রাখেনি। এমনকি হতাহত শ্রমিকদের ২৮৫জন শিশু সন্তানের লেখাপড়ার ব্যবস্থার প্রতিশ্রুতিও তারা রাখেনি। এ সময় তিনি বিজিএমইএ ও সরকারের কাছে ৯ দফা দাবি পেশ করেন।
সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শহীদুল ইসলাম সবুজ, মোমিনুর রহমান মোমিন, শফিউল আলম আজাদ, রেজাউল করিম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, রানা প্লাজায় আহত শ্রমিকরা ও নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা।