ধানমন্ডি মাঠ দখলমুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ধানমন্ডি মাঠ দখলমুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনির ডিভিশন বেঞ্চে মঙ্গলবার এ আবেদনের ওপর আংশিক শুনানি অনুষ্ঠিত হয়েছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ মামলায় শুনানি করতে চান উল্লেখ করে রাষ্ট্রপক্ষ থেকে সময় চাওয়া হলে আদালত রবিবার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন। আদালতে রিট আবেদনের পক্ষে ব্যারিস্টার সারা হোসেন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন, সহকারী অ্যাটর্নি জেনারেল তাইতাস হিল্লোল রেমা। স্থপতি মোবাশ্বের হোসেন, ইকবাল হাবিবসহ ছয় বিশিষ্ট নাগরিক মাঠ দখলমুক্ত করার নির্দেশনা চেয়ে এ রিট করেন। আবেদনে বিবাদী করা হয়েছে এলজিআরডি সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজউকের পরিচালক (প্রশাসন), স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। কোর্ট রিপোর্টার জানান, ধানমন্ডি মাঠে অনধিকার প্রবেশের অভিযোগে দায়েরকৃত মামলায় চারজনের জামিন মঞ্জুর করেছে আদালত। এরা হলেন ধানমন্ডি মাঠ আন্দোলনের আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন, বাপা যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব, বাপার যুগ্ম সম্পাদক স্থপতি সালমা আউয়াল শফি ও খেলাধুলায় রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত খেলোয়াড় কামরুননাহার ডানা। মঙ্গলবার আসামিরা আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট এম এ সালাম শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।