জাতীয় দলের ক্যাম্প অস্ট্রেলিয়ায়

পরিকল্পনাটার কথা প্রথম জানিয়েছিলেন জাতীয় দলের কোচ শেন জার্গুনসেন। বলেছিলেন, তিনি ও তার অস্ট্রেলিয়ান সহকর্মীরা মিলে আসছে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে লম্বা সময় ধরে ক্যাম্প করা ও অনুশীলন ম্যাচ খেলার ব্যবস্থা করে ফেলবেন। বিপিএলের চাপে ‘লম্বা সময়’ পাওয়া যাবে না। এমনকি সে পর্যন্ত জার্গুনসেন দায়িত্বে থাকবেন কি না, তাও নিশ্চিত না। তবে জাতীয় দলের অন্তত দিন পনেরোর জন্য অস্ট্রেলিয়ায় ক্যাম্প করার ব্যাপারে একমত হয়েছেন বিসিবির পরিচালকরা। গতকাল কয়েকটি সাব-কমিটির সমন্বয় সভাশেষে সিসিডিএম চেয়ারম্যান আ জ ম নাসির ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানালেন, জাতীয় দল বিপিএলের পর অন্তত পনেরো দিনের জন্য অস্ট্রেলিয়া যাবে। ২০১৫ সালের বিশ্বকাপকে সামনে রেখে একেবারে বিপরীত কন্ডিশনে মানিয়ে নিতে দলকে পাঠানো হবে বলে বললেন তিনি, ‘এর (বিপিএলের) দুই দিন পর জাতীয় দল ১৫ দিনের ক্যাম্পের জন্য অস্ট্রেলিয়া যাবে।’ ক্যাম্পের ব্যাপারটি চূড়ান্ত করতে অনেক পক্ষের মত লাগবে। তাই এটা চেষ্টা করছেন বলেই বললেন আকরাম, ‘দুই সপ্তাহের ক্যাম্প হবে। আমরা চেষ্টা করছি সেখানে একটি ক্যাম্প করার পর। এরপর দেশে ফিরে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর বিশ্বকাপ খেলতে যাবে তারা।’