প্রস্তুত রোনালদো বেল

ইনজুরি কাটিয়ে চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে দলে ফেরা প্রায় নিশ্চিত করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ভাইরাস আক্রান্ত হয়ে গত সোমবারের অনুশীলনে না থাকা রোনালদোর আক্রমণ সহযোগী গ্যারেথ বেলও যোগ দিয়েছেন গতকালের অনুশীলনে। অর্থাত্, টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সম্ভাব্য সেরা একাদশই সাজাতে পারছেন মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলোত্তি। বুধবারের ম্যাচটিকে সামনে রেখে দলের সাথে গত কয়েকদিন অনুশীলনও করেছেন রোনালদো। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত তিন সপ্তাহ ধরে তিনি সাইড লাইনে ছিলেন। কিন্তু ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের শেষ পর্যায়ে এসে আর অপেক্ষা করতে রাজী নন এবারের মৌসুমের সর্বোচ্চ ১৪টি গোল করা এই তারকা। লিওনেল মেসিকে টপকে এবছরই প্রথমবারের মতো ফিফা ব্যালন ডি’অর জেতা এই তারকা বলেন, ‘আমি সবসময়ই খেলতে চাই। কারণ, ফুটবল খেলাটাই আমার কাজ। তাছাড়া, এই কাজটাতেই আমি সবচেয়ে বেশি আনন্দ পাই। আর নিজের ইচ্ছার বাইরে, মাঠে থাকাটা আমাকে প্রতিদিন সঠিক মানসিকতা ধরে রাখতেও সাহায্য করে। আমি প্রতিনিয়তই চেষ্টা করি নিজেকে আরো সমৃদ্ধ করতে, নিজের লক্ষ্য পূরণ করতে এবং হার না মানতে। খেলাটার সর্বোচ্চ পর্যায়ে এটা মোটেই সহজ নয়, তবে আমার শক্তি আর খেলার প্রতি অদম্য ভালবাসা প্রতিদিন আমার সেরাটা ঢেলে দিতে সাহায্য করে।’ এদিকে হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে লেফট ব্যাক মার্সেলোরও দলে ফেরা প্রায় নিশ্চিত। সার্জিও রামোস আর রোনালদোর সাথে অনুশীলন করেছেন তিনিও। আর তাই বায়ার্নের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এই ম্যাচে সম্ভাব্য সেরা একাদশটাই সাজাতে পারছেন কার্লো অ্যানচেলোত্তি। তাই আজকের ম্যাচে আক্রমণভাগে রোনাল্ডো এবং করিম বেনজেমার পাশাপাশি এই ওয়েলসম্যানকে দেখার সম্ভাবনাই বেশি। ইউরোপের সর্বোচ্চ এই আসরে শেষ চারে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে এগিয়ে যেতে হলে লস ব্যাঙ্কোসদের পুরোপুরি নির্ভর করতে হবে রোনালদো এবং বেলের সাফল্যের ওপরে। আর দলের সেরা দুই তারকার প্রত্যাবর্তনের খবরটা রিয়াল জানিয়েছে নিজেরাই। গতকাল ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগ যেটা সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে, তার আগে নিজেদের সর্বশেষ অনুশীলন সেরে ফেলেছে। কার্লো অ্যানচেলোত্তি সেখানে খেলোয়াড়দের বলসহ অনুশীলনের উপর গুরুত্ব দিয়েছেন। ১৮ জন খেলোয়াড় এই অনুশীলনে অংশ নেয়। গ্যারেথ বেল, অনুশীলনের জন্য যিনি ভাইরাসের কারণে গত সোমবারের অনুশীলনে অনুপস্থিত ছিলেন, তিনিও অনুশীলনের অংশ ছিলেন। এর আগে পাঁচটি সেমিফাইনালে জার্মান দলটি চারবারই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এর মধ্যে ২০০০ সালে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে বায়ার্নের বিপক্ষে রিয়াল জয়ী হয়ে পরে শিরোপা জিতেছিল। এটাই ছিল বায়ার্নের বিপক্ষে স্প্যানিশ জায়ান্টদের একমাত্র সাফল্য। যদিও জার্মান প্রতিপক্ষের বিপক্ষে অতীতের বাজে ফলের ধারা ভেঙ্গে চলতি মৌসুমে শেষ আট ও শেষ ষোলোর লড়াইয়ে শালকে ০৪ ও গতবারের রানার্স-আপ বরুসিয়া ডর্টমুন্ডকে পরাজিত করে। একই টুর্নামেন্টে তৃতীয় জার্মান ক্লাব হিসাবে রিয়ালের শিকার হবার হাত থেকে বাঁচতে একটি অ্যাওয়ে গোলই হতে পারে খুব গুরুত্বপূর্ণ। বায়ার্নের চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে বিশ্বাস করেন টানা তৃতীয় মৌসুমে ফাইনালের পথ নিশ্চিত করবে অ্যাওয়ে গোলই। বহুদিন ধরেই ব্যাভারিয়ানদের সভাপতির দায়িত্ব পালন করে আসা এই জার্মান কিংবদন্তী বলেন, ‘আমাদের অন্তত একটি গোল নিশ্চিত করতে হবে। রিয়ালের বিপক্ষে ডর্টমুন্ডের ম্যাচটি থেকে আমরা এই শিক্ষা নিয়েছি। আমরা এখানে ‘লা বেসটিয়া নেগরা’ হিসেবে পরিচিত, আর তাই তাদের দেখাতে হবে লা বেসটিয়া নেগারা ফিরে এসেছে।’এদিকে প্রায় পূর্ণ শক্তির দল নিয়ে নামছে সফরকারিরাও। সাবেক বার্সেলোনা মিডফিল্ডার থিয়াগো আলকানটারার অনুপস্থিতি ছাড়া সবাই আছেন খেলার মতোই। ইনজুরি এবং অসুস্থতার কারণে শনিবারের ম্যাচে খেলতে না পারা গোলরক্ষক ম্যানুয়েল নেয়ার এবং ডেভিড আলাবা দলে ফিরছেন। -বাসস