ভুয়া অ্যান্টিভাইরাস ক্রেতাদের অর্থ ফেরত দিচ্ছে গুগল

গুগল প্লেস্টোরে রয়েছে লাখ লাখ অ্যাপ্লিকেশন। এর মধ্যে থার্ড-পার্টি অনেক অ্যাপ্লিকেশনই নিরাপদ নয়। এর মধ্যে ভুয়া কিছু অ্যান্টিভাইরাসও রয়েছে। গত কয়েকদিনে এমনই একটি ভুয়া অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশন হিসেবে ১০ হাজারেও বেশিবার ডাউনলোড হয়েছে ভাইরাস শিল্ড। র্যাংকিংয়ের শীর্ষের দিকেও উঠে আসে এই অ্যাপ্লিকেশন। এই সিকিউরিটি অ্যাপসটির বিবরণে বলা ছিল—এটি ইনস্টল করে নিলে ডিভাইসে কোনো ক্ষতিকর অ্যাপস ইন্সটল হতে বাঁধা দিবে। তবে অ্যান্ড্রয়েড পুলিশ ওয়েবসাইট থেকে এটি পরীক্ষা করে দেখা যায় এটি আদতে কোনো ধরনের সুরক্ষা করতে সক্ষম নয়। এরই প্রেক্ষিতে ২৮ মার্চ থেকে প্লেস্টোরে থাকা অ্যাপ্লিকেশনটি ৬ এপ্রিল সরিয়ে দেয় গুগল। আর গুগলও সিদ্ধান্ত নেয় এর সকল ক্রেতাকে অর্থ ফেরত দেওয়ার। ৩.৯৯ ডলারের এই অ্যাপ্লিকেশনটির জন্য গুগল প্লেস্টোরে ব্যবহারযোগ্য ৫ ডলারের ক্রেডিট গুগল প্রদান করবে বলে ভাইরাস শিল্ডের ক্রেতাদের ইমেইল পাঠিয়ে জানিয়েছে।