উইন্ডোজ ফোন ৮.১-এর জন্য রিমোট ডেস্কটপ অ্যাপ
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৪, ১৯:৪৬
উইন্ডোজ মোবাইল ব্যবহার করে দূর থেকেই পিসিকে নিয়ন্ত্রণ করার উপযোগী রিমোট ডেস্কটপ অ্যাপ অবমুক্ত করেছে মাইক্রোসফট। প্রাথমিকভাবে এর একটি প্রিভিউ সংস্করণ সকলের ডাউনলোডের জন্য যুক্ত করে দেওয়া হয়েছে উইন্ডোজ ফোন স্টোরে। অন্যান্য রিমোট ডেস্কটপ অ্যাপসের মতো এই অ্যাপের মাধ্যমেও উইন্ডোজ ফোন ব্যবহার করে কোনো পিসিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার সুবিধা থাকবে। এর আগে মাইক্রোসফট অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য এই অ্যাপ তৈরি করলেও উইন্ডোজ ফোনের জন্য কোনো অ্যাপ তৈরি করেনি। এবারেও অবশ্য তেমন কোনো ঘোষণা ছাড়াই একে যুক্ত করে দেওয়া হয়েছে উইন্ডোজ ফোন স্টোরে। উইন্ডোজ ফোন ৮.১ সংস্করণের ডিভাইসে ব্যবহার করা যাবে এটি। ১ মেগাবাইট সাইজের প্রিভিউ সংস্করণটি বিনামূল্যেই ডাউনলোড করা যাবে। এই প্রিভিউ সংস্করণটি কবে নাগাদ চূড়ান্ত সংস্করণে রূপান্তরিত হবে বা উইন্ডোজ ফোন ৮-এর জন্য কবে নাগাদ এর সংস্করণ অবমুক্ত হতে পারে, সে সম্পর্কে কোনো ধরনের তথ্য জানা যায়নি মাইক্রোসফটের কাছ থেকে।