ফসল রক্ষায় গাইবান্ধায় ধানের ক্ষেতে মানববন্ধন

সন্তানের মত প্রিয় ফসল বাঁচাতে এবার মহাসড়ক ছেড়ে নিজ ধানক্ষেতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন রচনা করে এক ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে গাইবান্ধার কৃষক-কৃষাণি ও তাদের পরিবারের সদস্যরা। বিদ্যুতের অসহনীয় লোডশেডিং-এর কবল থেকে ক্ষেতের উঠতি ইরি ধান বাঁচানোর আকুতিতে সদর উপজেলার গোপালপুর গ্রামে সেচের পানির অভাবে ফেটে যাওয়া ধানের জমির ধানের এ মানববন্ধন রচনা করা হয়। বিদ্যুত্ গ্রাহক ও অধিকার আদায় সংগ্রাম পরিষদের আয়োজনে ওই কর্মসূচিতে কৃষক- কৃষাণি ও তাদের পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন পেশার শত শত মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, প্রভাষক নিলুফার ইয়াসমীন শিল্পী, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, কৃষক আজগর আলী, নুরুন্নবী মিয়া, শাহীন মিয়া, আনোয়ারুল ইসলাম, আবুল কাশেম, শাহজামাল ইসলাম মধু, সাজু মিয়া, কৃষাণি মনিরা আক্তার মনি প্রমুখ।