এলকোহল থেকে মরণব্যাধি ক্যান্সার!

এবার বিশেষজ্ঞগণ এলকোহল বা মদ্যপান থেকে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হবার একটি বিপজ্জনক তথ্য দিয়েছেন। কানাডার অন্টারিও অঙ্গরাজ্যের ‘ক্যান্সার কেয়ার অন্টারিও’ নামের একটি সংগঠন গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করে উল্লেখ করেছে এলকোহল পানের কারণে শুধু অন্টারিওতে বছরে ১ হাজার থেকে ৩ হাজার পর্যন্ত লোক নতুনভাবে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। সংস্থাটির তথ্য মতে অন্তত: এক তৃতীয়াংশ কানাডিয়ান এলকোহল থেকে ক্যান্সার হতে পারে এমন তথ্য অবগত আছেন। এলকোহল পান থেকে ওরাল ক্যান্সার, গলনালীর ক্যান্সার, লিভার ক্যান্সার, কলোরেকটাল এবং ব্রেস্ট ক্যান্সার পর্যন্ত হতে পারে। আর এই তথ্যটি দিয়েছেন ক্যান্সার কেয়ার অন্টারিওর ক্যান্সার প্রতিরোধ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ড. লিন্ডা র্যাবিনেক। তথ্য অনুযায়ী অন্টারিওর সকল নতুন আক্রান্ত ক্যান্সার রোগীদের শতকরা ৪ ভাগ পর্যন্ত এলকোহল পানজনিত ক্যান্সার। তবে এলকোহলের কার্সিনোজেনিক বা ক্যান্সার সৃষ্টির ক্ষমতা সমন্ধে জানার পরও যারা মদ্যপান অব্যাহত রাখতে চান তাদের জন্য দ্য ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্স ফান্ড এবং আমেরিকান ইনস্টিটিউট ফর ক্যান্সার রিসার্স-এর অভিমত হচ্ছে, পুরুষের ক্ষেত্রে দিনে ২টি ড্রিংকস এলকোহল এবং মহিলাদের ক্ষেত্রে ১টি ড্রিংকস এলকোহলের বেশি পান করা কোনভাবেই উচিত নয়। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্স অন ক্যান্সার এলকোহলকে মানুষের জন্য ক্লাস-ওয়ান কার্সিনোজেন হিসাবে উল্লেখ করেছে। আর মরণম্যাধি ক্যান্সার সৃষ্টির অন্যান্য ক্লাস ওয়ান কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টির এক নম্বর উপাদান হচ্ছে এসবেস্টস, ধূমপান এবং আলট্রাভায়োলেট রেডিয়েশন। তাই বিশেষজ্ঞগণ এলকোহল ও ধূমপান ত্যাগ করে ক্যান্সার প্রতিরোধের আহবান জানিয়েছেন। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ