এ বছরই কমলাপুরে টার্ফে খেলা হবে

কমলাপুর স্টেডিয়ামে এ বছরই টার্ফের মাঠে খেলা হবে। বছরের শেষ নাগাদ টার্ফ স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন ঢাকায় আগত ফিফার ডেভেলপম্যান্ট অফিসার। আগস্টে টার্ফ স্থাপনের কাজটি শুরু হবে। ফিফার গোল প্রজেক্টের আওয়তায় এই টার্ফ স্থাপন করা হবে। ফুটবল টার্ফ অনেক আগেই স্থাপন করার কথা ছিল। কিন্তু মাঠের নিশ্চয়তা না পাওয়ায় সেটি ঝুলে ছিল দীর্ঘদিন। টার্ফ যে স্থানে বসানো হবে সেই জায়গাটি বাফুফের নিজস্ব জমি কিংবা সরকার থেকে পাওয়া জমি হলেও সেটি বাফুফের নামে লিজ নেয়া আছে কিনা তার প্রমাণ দেখালে ফিফা এ ধরনের অনুদান দিয়ে থাকে। বাফুফে ২০ বছরের জন্য কমলাপুর স্টেডিয়ামের লিজ পাওয়ায় এখন সেখানে ফিফা টার্ফ স্থাপনে সম্মত হয়েছে। ঢাকায় আসা ফিফার ডেভেলপম্যান্ট অফিসার সাজি প্রভাকর বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, টার্ফের ব্যাপারে টেন্ডার প্রক্রিয়া চলছে। এটি সম্পন্ন হয়ে গেলে মাঠের কাজ শুরু হবে। এবছরই খেলা সম্ভব। প্রায় ৫ লাখ ডলার ব্যয় হবে টার্ফ স্থাপনে। যে অর্থই ব্যয় হোক সেটা ফিফার ব্যাপার। বাংলাদেশে উন্নত মানের টার্ফ স্থাপন করা হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল। এর জবাবে ভারতীয় নাগরিক ফিফার এই কর্মকর্তা বলেন, বাংলাদেশে যে টার্ফটি স্থাপন করা হবে সেটি উন্নত মানের। টাপ কোয়ালিটির টার্ফই দেয়া হবে। এটি ৭ থেকে ১০ বছর এর মধ্যে কিছুই হবে না।’ তিনি জানিয়েছেন, ৬ ঘন্টা খেললেও টার্ফের কোনো ক্ষতি হবে না। টার্ফ স্থাপন হয়ে গেলে বাফুফে ফিফার কাছে আরেকটি প্রকল্প চেয়ে আবেদন করতে পারবে। ফিফার নিয়ম হচ্ছে একটি প্রকল্প সম্পন্ন হওয়ার পর আরেকটির জন্য আবেদন করা যায়। কমলাপুরে টার্ফের কাজ শেষ হয়ে গেলে বাফুফে সিলেট একাডেমীর জন্য টার্ফ চাইবে। সংবাদ সম্মেলনে উপস্থিত বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন বলেছেন, ‘সিলেটে টার্ফ স্থাপন করা দরকার।’ বাফুফে চাইছে সিলেট বিকেএসপিটিকে ২০ বছরের জন্য লিজ নিতে। এখন সিলেট বিকেএসপি ৫ বছরের জন্য দেয়া হয়েছে। ফিফা থেকে পাঠানো সাত হাজার ফুটবল কাল সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়। বাফুফে সভাপতি এগুলো গ্রহণ করেন। ফিফার এই কর্মকর্তা বলেন, ‘বাফুফে সভাপতি ফিফার সভাপতির কাছে ১০ হাজার ফুটবল চেয়েছিলেন। সাত হাজার ফুটবল পাঠিয়েছেন ফিফা সভাপতি। এছাড়াও ফিফার কাছ থেকে আরো ১০ হাজার ফুটবল পাচ্ছে বাফুফে। বাফুফে সভাপতি ফিফার কাছে আরো ১০ হাজার ফুটবল চেয়েছেন বলে কাল জানিয়েছেন। সেগুলোও পেয়ে যাবে বাংলাদেশ।