শ্রীনাথের বিশ্বকাপ চিন্তায় জহির

আগামী বছরের বিশ্বকাপে ভারতীয় দলে জহির খানের অন্তর্ভুক্তিকে সমর্থন করে সাবেক পেসার জাভাগল শ্রীনাথ বলেছেন, এ টুর্নামেন্টের জন্য বাঁহাতি এ পেসার ‘অপরিহার্য পছন্দ’ এবং এ গতি তারকা খেলার প্রতি একাগ্র থাকলে তাকে দলের অংশ করা উচিত। বর্তমানে আইসিসির ম্যাচ রেফারির দায়িত্ব পালন করা শ্রীনাথ বলেন, ‘জহির শীর্ষশ্রেণির একজন বোলার। সে যদি খেলতে চায়, নিজের সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারে; তাহলে তার দলকে দেয়ার মতো অনেক কিছুই আছে বলে আমি মনে করি। সেক্ষেত্রে অবশ্যই সে ‘অপরিহার্য পছন্দ’ (অটোমেটিক চয়েজ)। একজনের উচিত তার ভিতরে কি আছে সেটা পরীক্ষা করা এবং সে ২০১৫ বিশ্বকাপ খেলার মত ধৈর্য তার আছে কিনা, সেটাও পরীক্ষা করতে হবে। সবকিছু বিবেচনায় ঠিক থাকলে তাকে দলে রাখা উচিত।’ টেস্টে তিনশ’ এবং ওয়ানডেতে তিনশ’র বেশি উইকেট শিকার করা একমাত্র ভারতীয় ক্রিকেটার শ্রীনাথ দলের বর্তমান পেসারদের ভূয়সী প্রশংসা করেন। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক এ সম্পাদক বলেন, ‘মোহাম্মদ সামি একজন ভাল বোলার। এমনকি ভুবনেশ্বর কুমারও ভাল বোলারে পরিণত হচ্ছে। ইশান্ত শর্মা ট্র্যাকে ফেরার চেষ্টা করছে। ধারাবাহিকভাবে সে ভাল বোলিং করছে। এক বছর আগে দলে ফেরার পর থেকে সে খুবই ভাল করছে।’ নব্বই দশকের শুরু থেকে এক দশকেরও বেশি সময় ভারতীয় বোলিংয়ের প্রতিনিধিত্ব করা শ্রীনাথ বলেন, টি-২০ ব্যাটসম্যানদের খেলা। কিন্তু একজন ভাল বোলার সব সময়ই তার উপস্থিতি অনুভব করাতে পারবে। ভেংকটেশ প্রাসাদ ও অজিত ওয়াদেকারসহ এক মঞ্চে উপস্থিত থাকা শ্রীনাথ বলেন, ‘ক্রিকেটের সব ফর্মেটেই সাফল্য পাওয়া একজন ফাস্ট বোলারের জন্য গুরুত্বপূর্ণ। সমস্যা হলো টি-২০ ক্রিকেটে ফাস্ট বোলারদের ধুঁকতে হয় এবং যার সফলতা পায় ব্যাটসম্যানরা। সমস্যা হচ্ছে আজকের দিনে খুব ভাল পেসার বেড়িয়ে আসছে না।’