ক্লাব-সমর্থকদের ধন্যবাদ, খেলোয়াড়দের না!

মাত্র এক মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায়ের পরিসমাপ্তির পর প্রথমবারের মতো মুখ খুললেন ডেভিড ময়েস। লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) পক্ষ থেকে দেয়া এক লিখিত বিবৃতিতে ময়েস ধন্যবাদ জানান রেড ডেভিল কর্তৃপক্ষ এবং সমর্থকদের। তবে আশ্চর্যজনকভাবে খেলোয়াড়দের সম্পর্কে একটি বাক্যও খুঁজে পাওয়া যায়নি বিশাল ঐ বিবৃতির কোথাও। ফলে খেলোয়াড়দের সাথে ময়েসের কোন সমস্যা ছিল কিনা জেগেছে এমন প্রশ্নও। এদিকে, অন্তর্বর্তী কোচের দায়িত্ব পাওয়া রায়ান গিগসের সহকারী হিসাবে গতকালই ঘোষণা করা হয়েছে সাবেক রেড ডেভিল তারকা পল স্কোলসকে। ময়েস জানান, ‘বিশ্বের অন্যতম বড় ফুটবল ক্লাবগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড। এর মতো একটা দলের অংশ হতে পেরে আমি শুরু থেকেই গর্বিত ছিলাম এবং আছি। আমার কোচিং স্টাফদের ধন্যবাদ। এই সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ফলাফল হয়তো ক্লাব এবং সমর্থকেরা যেমনটা আশা করেন তেমন ছিল না। আমি তাদের হতাশাটা বুঝতে পারি। সমর্থকদের আমি ধন্যবাদ জানাই।’ বিদায় বেলায় এই স্কটিশ ধন্যবাদ জানান তার পূর্বসূরি অ্যালেক্স ফার্গুসনকেও, ‘আমি দলকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যেতে পেরে দারুণ গর্বিত। আর স্যার অ্যালেক্স ফার্গুসনের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। তিনি আমার উপর বিশ্বাস রেখেছিলেন এবং আমাকে এখানে কোচিং করার সুযোগ করে দিয়েছিলেন।’ এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেয়া রায়ান গিগসকে সহায়তার জন্য এগিয়ে এসেছেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার পল স্কোলস। তিনি সহকারী কোচের দায়িত্ব গ্রহণ করেছেন বলে বুধবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। অফিসিয়াল টুইটারের মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে বলা হয়,‘ আজ এ্যাওন ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত অনুশীলনে পল স্কোলস এর উপস্থিতির বিষয়টি দারুণ ব্যাপার। তিনি নিকি বাট ও ফিল নেভিলের সঙ্গে গিগসকে সহায়তা দিয়েছেন। মঙ্গলবার ডেভিড ময়েসকে বরখাস্ত করার পর ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেন ৪০ বছর বয়সী গিগস। আগে থেকেই তার সঙ্গী হিসেবে ব্যাক রুম স্টাফের দায়িত্বে রয়েছেন নিকি ও নেভিল। আর ২০১১ সালে অবসর নেয়ার পর প্রথম সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও কোচিংয়ের দায়িত্বে যোগ দিলেন স্কোলস। ১৯৯০ এর দশকে ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দল থেকে গ্রাজুয়েশন নিয়েছিলেন গিগস, নেভিল, স্কোলস ও বাট। এ সময় সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসনের তত্ত্বাবধানে ক্লাবটির সফলতায় মুখ্য ভূমিকা পালন করেছেন তারা। গত মৌসুমে ফার্গুসন দায়িত্বে থাকাকালীন সময়েই খেলোয়াড়ী জীবন থেকে অবসর গ্রহণ করেন ৩৯ বছর বয়সী স্কোলস। ময়েস ক্লাবটির দায়িত্ব গ্রহণ করার পর চলতি মৌসুমের শুরুতে অবশ্য স্কোলসকে ব্যাক-রুম স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য অনুরোধ করেছিলেন। তবে তার ওই প্রস্তাব গ্রহণ করেননি ইংল্যান্ডের সাবেক ওই আন্তর্জাতিক তারকা। খেলোয়াড়ী জীবনে স্কোলস ইউনাইটেডের হয়ে ৭১৮টি ম্যাচ খেলে গোল পেয়েছেন ১৫৫টি। সেই সঙ্গে প্রিমিয়ার লীগের ১১টি শিরোপার সঙ্গী হয়েছেন তিনি। এছাড়া ক্লাবটির হয়ে চারবার এফএ কাপ, দুইবার লীগ কাপ, দুইবার চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা এবং ক্লাব বিশ্বকাপের একটি শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন স্কোলস। আগামী শনিবার নরউইচ সিটির বিপক্ষে ম্যাচে প্রথমবারের মত ইউনাইটেডের কোচ হিসেবে আত্মপ্রকাশ করবেন গিগস। প্রিমিয়ার লীগে দলটির হাতে আর মাত্র চারটি ম্যাচ অবশিষ্ট রয়েছে।