শিক্ষার্থীদের জন্য বিজ্ঞাপনমুক্ত বিং

ক্লাসরুমে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য মাইক্রোসফট তাদের বিং সার্চ ইঞ্জিনে কোনো ধরনের বিজ্ঞাপন প্রদর্শন করবে না। ‘বিং ইন দ্য ক্লাসরুম’ নামের এই বিশেষ সংস্করণটি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য তৈরি একটি বিশেষ সংস্করণ। এ ছাড়াও এই ব্রাউজার সংস্করণে প্রাইভেসি কন্ট্রোলের বিশেষ সুবিধাও থাকছে। এই সুবিধা ব্যবহার করে শিক্ষকরা ব্রাউজারে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ওয়েবসাইট ব্লক করে রাখতে পারবেন। তাছাড়া শিক্ষকরা শিক্ষা সহায়ক বিভিন্ন ফিচারও এতে যুক্ত করতে পারবেন বলে জানিয়েছে মাইক্রোসফট। তারা জানিয়েছে, প্রতিবছর শিক্ষার্থীদের লক্ষ্য করে ১৫ বিলিয়ন সার্চ বিজ্ঞাপন ছাড়া হয়। সার্চ ইঞ্জিন ব্যবহার করতে গিয়ে এসব বিজ্ঞাপন শিক্ষার্থীদের মনোযোগ ব্যাহত করে থাকে বলে মনে করে মাইক্রোসফট। আর তাই শিক্ষার্থীরা যাতে পূর্ণ মনোযোগের সাথে বিং ব্যবহার করতে পারে, সেই উদ্দেশ্যেই বিজ্ঞাপনের ঝামেলা দূর করার সিদ্ধান্ত নিয়েছে তারা। সম্প্রতি নতুন সংস্করণের এই বিং নিয়ে একটি পাইলট প্রকল্পও সম্পন্ন করে মাইক্রোসফট। তাতে সাফল্য পেয়েই যুক্তরাষ্ট্রের সকল স্কুলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বিং ইন দ্য ক্লাসরুম।