কাঠের ব্রিজের
সাথে বাঁশের
সাঁকো
মো.মেহেদী হাসান, মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৪, ২১:১৬
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ও মোরেলগঞ্জ সদর ইউনিয়নের সীমান্তবর্তী খালের কাঠের ব্রিজটি ভেঙে গেছে। স্থানীয়রা সেখানে বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।
দীর্ঘ ১০ বছরে সংস্কারের ছোঁয়া না লাগায় এ কাঠের ব্রিজটি বেহালদশায় পরিণতি হয়েছে। ফলে নিশানবাড়িয়া গ্রামসহ পার্শ্ববর্তী খাউলিয়া, পশ্চিম খাউলিয়া ও বিশারীঘাট গ্রামের কয়েক হাজার মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়েছে দুর্ভোগে।
স্কুলগামী ছোট ছোট ছেলে-মেয়েদের হাত ধরে পার করতে হয় সাঁকোটি। অনেক ছেলে-মেয়ে দুর্ঘটনার ভয়ে স্কুলে আসা প্রায় ছেড়ে দিয়েছে।
এ বিষয়ে সদর ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম মাহমুদ আলী বলেছেন, পুলটি খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান সংস্কার করাবেন। খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের বলেছেন, জনদুর্ভোগ বিবেচনায় আগামী জুন মাসের মধ্যে এলজিএসপি প্রকল্পের আওতায় পুলটি মেরামত করা হবে।