পৃথক অগ্নিকাণ্ডে কয়েক
কোটি টাকার ক্ষতি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৪, ২১:১৭
ফরিদপুরের ভাঙ্গায় ১৯টি, চরভদ্রাসনে ৩৫টি এবং সদরপুরে ৯টি ঘর, নগদ অর্থ, গরু-ছাগল, স্বর্ণালংকার ও মালামাল পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুরে
৬৩টি ঘর ভস্মীভূত
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খালাশিডাঙ্গী গ্রামে গত বুধবার দুপুরে অগ্নিকাণ্ডে ৩৫টি ঘর পুরে গেছে। ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছার পূর্বেই স্থানীয় লোকজন আগুন নিভাতে সক্ষম হয়। আগুনে রামপ্রাসাদ, শান্তি রঞ্জন, নারায়ণ, বংশি, ধিরেন, হরিপদ, কালিপদ, দশরাথ, শান্তি কাপাশিয়া, মিঠু কাপাশিয়া ও মন্টু কাপাশিয়াসহ মোট ১২টি পরিবারের ৩৫টি টিনের ঘর, ২টি গরু ও ৫টি ছাগল আগুনে পুড়ে যায়। এতে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসান শাহীন, উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান তানজিলা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
এদিকে ভাঙ্গা উপজেলার তাঁতীবাজার গ্রামে একই দিন অগ্নিকাণ্ডে ১৯টি বসত ঘর ভস্মীভূত হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আশরাফ আলী ও ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় যথাসময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে না পৌঁছাতে পারেনি। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্তরা হলেন ইসাহাক মাতুব্বর, সালাম মাতুব্বর, আজিজুল মাতুব্বর, ইকবাল মাতুব্বর, মান্নান মোল্লা, মজিবর মোল্লা, ইব্রাহিম মোল্লা ও ইদ্রিস মোল্লা।
অপরদিকে সদরপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামে গত বুধবার দুপুরে অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের ৯টি ঘরসহ প্রায় ৬ লাখ মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা হলেন মো. ইদ্রিস, মো. ইমারত, মো. মোশাররফ, মো. খালেক, সাইদুল মোল্লা, তাজেল মোল্লা। আগুনে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। মো. খালেকের রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রামগঞ্জে ৩ দোকান ভস্মীভূত
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বাংলা বাজারে গত বুধবার ভোরে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান। রামগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ও স্থানীয় লোকজন ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রফিকুল আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।
দাগনভূঞায় ৩টি বসতঘর
পুড়ে গেছে
ফেনীর দাগনভূঞার হায়াতপুর গ্রামে গত বুধবার রাতে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
কটিয়াদীতে অটোরাইস
মিল ভস্মীভূত
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মধ্যপাড়ায় গত বুধবার রাতে অগ্নিকাণ্ডে একটি অটোরাইস মিল পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।