পৃথক ঘটনায় আট খুন

বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় আটজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। তালায় নারীর লাশ উদ্ধার সাতক্ষীরার তালা উপজেলার গঙ্গারামপুর শ্মশানঘাট এলাকায় গত বুধবার দুপুরে মাছুরা খাতুন (২০) নামে স্বামী পরিত্যক্তা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে তালা উপজেলার ঢ্যামসাখোলা গ্রামের মোসলেম উদ্দীনের কন্যা। নিহতের স্বজনরা জানান, তিন দিন আগে নানা বাড়ি থেকে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হয় মাছুরা খাতুন। তালা থানার ওসি মো. মতিয়ার রহমান বলেন, তাকে কি কারণে হত্যা করা হয়েছে তার সঠিক কারণ জানা যায়নি। কুতুবদিয়ায় মা ও শিশু পুত্রকে খুন কক্সবাজারের কুতুবদিয়ার দক্ষিণ মগডেইল গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার সকালে জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধূ ও তার শিশু পুত্র মোহাম্মদ বাপ্পির (২) লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে কুতুবদিয়া থানা পুলিশ লাশ দুইটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা করেন। ইউপির সদস্য আবুল কালাম জানান, দুর্বৃত্তরা জান্নাতুল ফেরদৌস ও তার সন্তান বাপ্পিকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের শরীরে আঁচড়ের দাগ রয়েছে। কুতুবদিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান জানান, ঘটনার ব্যাপারে জান্নাতুল ফেরদৌসের বাবা নুরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা করেন। গোপালগঞ্জে ২টি লাশ উদ্ধার গোপালগঞ্জ সদর উপজেলার কংশুরে অজ্ঞাত পরিচয় তরুণী ও শহরের বেদ গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার সকালে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। কংশুর গ্রামের কৃষক শিহাব মোল্লা জানান, সকালে ইরি ধানের জমিতে সেচ দিতে গিয়ে অজ্ঞাত পরিচয় তরুণীর লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। তার গলায় ওড়না পেঁচানো ছিল। গোপালগঞ্জ সদর থানার এস আই নাঈম জানান, বেদগ্রামে স্থানীয়রা একটি নবজাতকের লাশ দেখে গোপালগঞ্জ থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করে। জীবননগরে ডাকাত নিহত চুয়াডাঙ্গার জীবননগরে নারিকেল বাগান এলাকা থেকে আক্তার (৩৫) নামে এক ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আক্তার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের পাঁচমাথার চা দোকানী আব্দুর রহমানের ছেলে। পুলিশের ধারণা নিজেদের ভিতর ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে। মহেশপুর থানার ওসি শাহজাহান আলী খান জানান, আক্তারের বিরুদ্ধে ডাকাতি মামলাসহ একাধিক মামলা রয়েছে। আটঘরিয়ায় কুপিয়ে একজনকে হত্যা পাবনার আটঘরিয়া উপজেলার হয়দারপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে রিপন হোসেন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আটঘরিয়া থানার ওসি শেখ লেলিন আলমঙ্গীর জানান, নিহত রিপনের সাথে আটঘরিয়া উপজেলার হায়দারপুর গ্রামের চিনু শেখের ছেলেদের সাথে জমি নিয়ে বিরোধ চলেছিল। এ বিরোধের জের ধরে রিপন জমিতে সেচ দিতে গেলে ৭/৮ জন মিলে রিপনকে এলোপাতারি কুপিয়ে জখম করে। পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। এ ব্যাপারে আটঘরিয়া থানায় একটি মামলা হয়েছে। নারায়ণগঞ্জে যুবক খুন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গত বুধবার রাতে একটি বাড়িতে চুরির সময়ে বাধা দেয়ায় চোরদের ছুরিকাঘাতে সোহাগ মিয়া (২২) নামে একজন নিহত ও আরো দুইজন মারাত্মক আহত হয়েছেন। দুই চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আহত দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মাঈনুর রহমান জানান, টিটু ও ইনসান নামে দুই চোরকে আটক করা হয়েছে। তারা ইনসান এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এ ঘটনায় নিহতের ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেন।