টেকনাফে পুলিশ ও ইয়াবা পাচারকারীর
বন্দুকযুদ্ধ :আটক এক
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৪, ২১:১৯
টেকনাফের লেদা আলীখালী এলাকায় পুলিশের সঙ্গে ইয়াবা পাচারকারীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ তিন সদস্য আহত ও এক পাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। এ সময় দেশীয় তৈরি এলজি, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। জানা যায়, গত বুধবার রাতে টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ হ্নীলা ইউনিয়নের লেদা আলীখালী এলাকা দিয়ে ইয়াবা পাচারের গোপন সংবাদে অভিযানে গেলে ইয়াবা পাচারকারীরা গুলি ছুঁড়ে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে উভয়পক্ষে ২০ রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় অন্যান্য ইয়াবা পাচারকারী পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় হ্নীলা লেদা রোহিঙ্গা টালের মৃত সুলতানের ছেলে সৈয়দ নূরকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশের এএসআই জয়নাল, পুলিশ সদস্য জসীম ও মাহমদুল হক আহত হয়। এ সময় একটি দেশীয় তৈরি এলজি, ৩ রাউন্ড তাজা গুলি ও ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন।