লংমার্চের নামে বিএনপি নাটক করছে :হানিফ
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৪, ২১:৫৬
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, তিস্তা অভিমুখে লংমার্চের নামে বিএনপি নাটক করছে। ক্ষমতায় থাকাকালে তারা এ ব্যাপারে কার্যকরী কোন পদক্ষেপ নেয়নি। এখন দরদ দেখানো ভাওতাবাজি ছাড়া আর কিছু নয়।
বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মাহবুব-উল-আলম হানিফ বলেন, লংমার্চ করে কোনো দাবি আদায় করা যায় না। এটা রাষ্ট্রীয় সমস্যা। এর সমাধান দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাবি সিনেট সদস্য অধ্যাপক মোস্তফা কামাল, স্বাশিপ নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার প্রমুখ।